মহানবী (সাঃ) কে অবমাননা, পাকিস্তানে বিক্ষোভ চলছেই
মহানবী (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে পাকিস্তানে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল হয়েছে। রাজধানী ইসলামাবাদে প্রতিবাদ করতে নামা মানুষেরা মুসলিম বিশ্বকে ভারতের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ডাক দিয়েছেন।
পাকিস্তানের জামাত-ই-ইসলামি পার্টি এই প্রতিবাদের আয়োজন করে। এর পর বিক্ষোভকারীরা ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসের দিকে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাতে বাধা দেয়। এই ঘটনায় কারো আহত হওয়ার বা গ্রেপ্তার হওয়ার খবর মেলেনি।
জামাত-ই-ইসলামির নেতা সিরাজুল হক এই বিক্ষোভ সভায় ইসলামি দেশগুলোকে ভারতীয় পণ্য বর্জন করার আহ্বান জানান। এছাড়া তিনি বলেন, মুসলিম বিশ্ব দেখিয়ে দিক যে তারা হযরত মুহাম্মদ (সাঃ) এর অপমান, ইসলামের অপমান সহ্য করে না। তারা নয়া দিল্লির সঙ্গে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করুক।
ভারতীয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা গত মাসে টেলিভিশন সংবাদ বিতর্কে মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন। দলটির দিল্লির মিডিয়া বিভাগের প্রধান নাভিন জিন্দাল টুইট করে নুপুর শর্মার সঙ্গে যোগ দেন। বিশেষ করে নুপুর শর্মার মন্তব্য নিয়ে মুসলিম বিশ্বে ক্ষোভের ঝড় ওঠে। বিজেপি রোববার এই দুজনকে যথাক্রমে বরখাস্ত ও বহিষ্কার করে।
এই ইস্যুতে গোটা আরব বিশ্বে ভারত খুব চাপে আছে। তাদের হাই কমিশনারদের ডেকে ডেকে নিয়ে গিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। বিভিন্ন দেশ, মহানবী (সাঃ) কে অবমাননার জন্য ভারতকে ক্ষমা চাইতে বলেছে।