মার্কিন বাহিনীর প্রধান সামরিক ঘাঁটি আফগান বাহিনীর কাছে হস্তান্তর
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের অংশ হিসেবে রাজধানী কাবুলে অবস্থিত তাদের প্রধান সামরিক ঘাঁটি আফগান বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
২৮ মে ‘নিউ কাবুল কম্পাউন্ড’ নামের এই ঘাঁটিটি আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন দেশটিতে নিযুক্ত সামরিক জোট ন্যাটোর শীর্ষ কমান্ডার জেনারেল স্কট মিলার।
এক টুইট বার্তায় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আফগান বাহিনীকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছেন ন্যাটোর শীর্ষ কমান্ডার জেনারেল স্কট মিলার।
সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা দেওয়ার পর থেকে দেশটির কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র আফগান বাহিনীর কাছে অনেক সামরিক সরঞ্জাম হস্তান্তর করছে। গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে অন্তত ৫টি সামরিক সুবিধা আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেন। সবমিলিয়ে এখন পর্যন্ত তাদের ফিরে যাওয়ার প্রক্রিয়ার ২৫ শতাংশ সম্পন্ন হয়েছে।