মারিউপোলে অবরুদ্ধ এক লাখ মানুষ
ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর মারিউপোল। এই যুদ্ধের মধ্যে সেখানকার অবস্থা কি? ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমার জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার বোমা হামলা ও আক্রমণের মুখে মারিউপোলে প্রায় এক লাখের মতো মানুষ অবরুদ্ধ হয়ে আছেন।
মঙ্গলবার রাতে এক ফেসবুক লাইভে দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর মারিউপোলের এই খবর জানান জেলেনস্কি। তিনি বলেছেন, শহরটিতে আজ পর্যন্ত প্রায় এক লাখ মানুষ আছে। তারা অমানবিক এক পরিস্থিতির মধ্যে আছেন। খাবার, পানি ও ওষুধ নেই। লাগাতার বোমা হামলা ও গোলাগুলির মধ্যে ভীত সন্ত্রস্ত জীবন পার করছেন তারা।
জেলেনস্কি অভিযোগ করেছেন, মানবিক করিডোরের মাধ্যমে বেসামরিক নাগরিকদের উদ্ধারের চেষ্টা রাশিয়ার গোলাবর্ষণ ও সন্ত্রাসের কারণে বাধা পাচ্ছে। মঙ্গলবার বেসামরিক নাগরিকদের উদ্ধারের চেষ্টায় যাওয়া সরকারী কর্মীদের বন্দী করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এর সঙ্গে অবশ্য জানান, প্রতিকূল এই পরিস্থিতির মধ্যেও মঙ্গলবার সাত হাজারের বেশি বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে মারিউপোল শহরকে আত্মসমর্পণের সময় বেধে দিয়েছিল রুশ বাহিনী। ইউক্রেনের কর্তৃপক্ষ তাতে একদমই সাড়া দেয়নি।
ইংল্যান্ডের সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রুশ হামলার কারণে মারিউপোল বিদ্ধস্ত। সেখানে কিছুই আর অবশিষ্ট নেই। শহরটিতে বেসামরিক নাগরিক ও স্থাপনার ওপর আক্রমণের অভিযোগ আছে। এমনকি হাসপাতাল ও থিয়েটারে বোমাবর্ষণ করা হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। এর পর একে একে বেশ কয়েকটি বড় শহরের পতন হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ ঘিরে রেখেছে রুশ বাহিনী। ইউক্রেন আপসের চেষ্টা চালিয়ে গেলেও এখনো তারা সফল হতে পারেনি।