মানালি থেকে লেহ পর্যন্ত নতুন রাস্তা তৈরি করছে ভারত
পূর্ব লাদাখে পাকিস্তান ও চীনের চোখ এড়িয়ে এবার ভারতীয় সেনাদের যাতায়াতে সুবিধার জন্য নতুন রাস্তা তৈরি করছে ভারত। মানালি থেকে লেহ পর্যন্ত যাওয়ার রাস্তা বানানো হচ্ছে। এছাড়াও নয়াদিল্লি তৈরি করছে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ আরো একটি রাস্তা। সাব সেক্টর নর্থে দৌলত বেগ ওল্ডিসহ একাধিক এলাকাতেও রাস্তা তৈরির কাজ চালাচ্ছে নয়াদিল্লি।
জানা গেছে, লেহ থেকে মানালি পর্যন্ত যে রাস্তা তৈরি হচ্ছে, তা কমপক্ষে ৩-৪ ঘণ্টা সময় বাঁচাবে যাতায়াতে। এই রাস্তা দিয়ে সুরক্ষিতভাবে নিয়ে যাওয়া যাবে ট্যাঙ্ক, আর্টিলারি গানস। সেনা মুভমেন্টে অত্যন্ত সহায়তা করবে রাস্তার অবস্থানগত দিকটি।
এরইমধ্যে রাস্তা তৈরির কাজ শুরু হয়ে গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাদাখ পরিদর্শনের পর সেই কাজে আরো গতি আসে। এছাড়াও কাজ চলছে একটি পুরনো রুটে, যেখান থেকে মূলত গ্রীষ্মকালে যাতায়াত করতেন স্থানীয় ব্যবসায়ীরা। সেনাবাহিনীর ১৪ কর্পসকে এই দায়িত্ব দেয়া হয়েছে।
এদিকে, এর আগে জানা গিয়েছিল ডেপসাং এবং দৌলত বেগ ওল্ডি অঞ্চলে সেনা মোতায়ন করার পাশাপাশি নির্মাণ কাজ শুরু করেছে চীন। ভারতীয় সেনার পেট্রলিং পয়েন্ট ১০ থেকে ১৩ পর্যন্ত কাজে বাধা দিচ্ছে চীনা আর্মি এবং সেখানে বড়মাপের নির্মাণ কাজ চালাচ্ছে বেইজিং। সেই কাজের মোকাবিলা করতেই নতুন করে সীমান্তে রাস্তা নির্মাণে জোর দিয়েছে ভারত।