মালোশিয়ায় শুরু হচ্ছে ‘দ্য মুফতি’ সিরিজ
মালয়েশিয়ায় ধর্মীয় বার্তা প্রচারে শুরু হতে যাচ্ছে এক ভিন্নধর্মী উদ্যোগ—অ্যানিমেশনভিত্তিক সিরিজ ‘দ্য মুফতি’। আধুনিক প্রযুক্তি ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে ইসলামী মূল্যবোধ তরুণ প্রজন্মের কাছে আরো আকর্ষণীয় করে তুলতেই এই নতুন আয়োজন। ফেডারেল টেরিটোরিজের মুফতি দপ্তরের উদ্যোগে নির্মিত এই সিরিজটি ধর্মীয় আলোচনাকে প্রচলিত গণ্ডির বাইরে এনে নতুনভাবে উপস্থাপন করবে। বিশেষ করে বর্তমান ডিজিটাল যুগে তরুণদের আগ্রহ, মনোযোগ ও শেখার ধরণকে বিবেচনায় রেখে এতে ব্যবহার করা হয়েছে অ্যানিমেশন, সহজ ভাষা এবং গল্পনির্ভর উপস্থাপনা।
প্রকল্পটির তত্ত্বাবধান করছেন ধর্ম বিষয়ক মন্ত্রী, সিনেটর ড. জুলকিফলি বিন হাসান। তিনি বলেন, ইসলামের সৌন্দর্য ও বার্তা ছড়িয়ে দিতে আধুনিক প্রযুক্তি ও গণমাধ্যমের সৃজনশীল ব্যবহার এখন সময়ের দাবি। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আন্তর্জাতিক মুসলিম আলেম সংঘের সদস্য, গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ ফাওয়াজ ফদেল। তিনি জটিল ইসলামী ধারণাগুলোকে সহজ ও বোধগম্য ভাষায় ব্যাখ্যা করছেন, যাতে তরুণসহ সব শ্রেণীর দর্শক সহজেই বিষয়গুলো অনুধাবন করতে পারে। এর মাধ্যমে সঠিক ধর্মীয় জ্ঞান বিস্তারের পাশাপাশি মধ্যপন্থী ও সহনশীল মূল্যবোধও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
‘দ্য মুফতি’ সিরিজটি ইসলামী আইন ও জীবনঘনিষ্ঠ বিষয়গুলোকে সহজভাবে তুলে ধরবে—যা একদিকে শিক্ষামূলক, অন্যদিকে বিনোদনমূলকও বটে। সিরিজটির পর্বগুলো মুফতি দপ্তরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে প্রচার করা হবে। এভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচারিত এই উদ্যোগ নতুন প্রজন্মের সঙ্গে নির্ভরযোগ্য ধর্মীয় জ্ঞানের সংযোগ আরও দৃঢ় করবে বলে বিশ্বাস করছেন সংশ্লিষ্টরা।