মাদকের থাবায় ধ্বংস অনিবার্য
পৃথিবীজুড়েই বেড়েছে মাদকের ভয়াবহতা। আধুনিক জ্ঞান-বিজ্ঞানে অগ্রসর ইউরোপ থেকে জীবনযাত্রায় পিছিয়ে থাকা আফ্রিকা কোনো অঞ্চলই মাদকের ভয়াবহ থাবা থেকে আত্মরক্ষা করতে পারছে। মাদকের তাণ্ডবে ধ্বংস হচ্ছে সমাজ, দেশ ও সভ্যতা। কিন্তু মাদকের এই অপ্রতিরোধ্য বিস্তারকে ইসলাম কিভাবে ব্যাখ্যা করে? ইসলাম বলে মাদক ও নেশাজাত দ্রব্যের বিস্তার কিয়ামতের নিদর্শন।
আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কিয়ামতের আলামতগুলোর কতক আলামত হলো দুনিয়া থেকে জ্ঞান তুলে নেওয়া হবে, অজ্ঞতা-নিরক্ষরতা-প্রতিস্থাপিত হবে, মদ্যপান ব্যাপক হবে এবং ব্যভিচার বৃদ্ধি পাবে।’ (সহিহ বুখারি, হাদিস : ৮০)
অর্থাৎ কিয়ামতের আগে মানুষের মধ্যে মাদক ও নেশা গ্রহণের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। অন্য হাদিসে নবীজি (সা.) বিষয় আরো স্পষ্টভাবে ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘আর মদ্যপান বৃদ্ধি পাবে।’ (সহিহ বুখাহির, হাদিস : ৫২৩১)
প্রাজ্ঞ আলেমরা বলেন, কিয়ামতের আগে সর্বত্র মাদকের সয়লাব এত ব্যাপক হবে যে, কেউ কেউ মাদক সেবন করাকে অপরাধও মনে করবে না। তারা মনে করবে মাদক সেবন করা কোনো অপরাধ নয়, বরং তা হালাল। অনেক সময় দেখা যাবে, মাদক ও নেশা জাতীয় বস্তুর নাম পরিবর্তন করে বিভিন্ন প্রকার কোমল পানীয় ও শরবতের নামে নামকরণ করে তা পান করা হবে। পাপিষ্ঠরা মনে করবে নাম পরিবর্তন করার দ্বারা তা হালাল হয়ে গেছে। ফলে মাদক সেবন যে হারাম ও নিষিদ্ধ তা তাদের অন্তর থেকে মুছে যাবে। মাদকের প্রতি তাদের আগ্রহ বাড়বে, এটা যে নিষিদ্ধ তার প্রতি কোনো ভ্রূক্ষেপ করা হবে না। উবাদা বিন সামিত (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, ‘আমার উম্মতের মধ্যে একটি গোষ্ঠি এমন হবে, যারা মদকে ভিন্ন নামে নামকরণ করে সেটাকে হালাল মনে করবে।’ (মুসনাদে আহমদ, হাদিস : ২২৭০৯)
তবে ইসলাম মাদকের ভয়াবহ সয়লাবের ব্যাপারে মুমিনদের সতর্ক করেছেন। যেমন আবু মালিক আশআরি (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমার উম্মতের কতক সম্প্রদায় এমন হবে, যারা জিনা-ব্যভিচার, রেশমি কাপড় পরিধান করা, মাদক সেবন করা ও গান-বাজনাকে বৈধ মনে করবে। আর উম্মতের একটি সম্প্রদায় একটি পাহাড়ের পাদদেশে অবতরণ করলে তাদের কাছে রাখাল তাদের ছাগলগুলো নিয়ে উপস্থিত হবে। তখন তাদের কাছে একজন ভিক্ষুক এসে ভিক্ষা চাইলে তারা তাকে বলবে, তুমি আমাদের নিকট আগামীকাল এসো। রাতে তাদের উপর আজাব এসে তাদের ধ্বংস করে দেবে। আর আল্লাহ তাদের ওপর পাহাড় ধ্বসে দেবেন। আর তাদের কতককে তিনি কেয়ামত পর্যন্ত বানর ও শুকরের আকৃতিতে পরিণত করবেন।’ (সহিহ বুখারি, হাদিস : ৫৫৯০)
আল্লাহ সবাইকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করুন। আমিন।