লিবিয়ায় ভয়াবহ বন্যা: সাগরে ভেসে গেছে ১০ হাজার মানুষ
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলে গত সোমবার (১১ সেপ্টেম্বর) ঘূণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বৃষ্টি ও বন্যায় দেখা দিয়েছে বিপর্যয়কর পরিস্থিতি। সুনামির মতো এই বন্যায় হাজার হাজার মানুষ সাগরে ভেসে গেছে।
লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আল খারাজ জানিয়েছেন, ভয়াবহ এই বন্যার পানিতে ডুবে বা ভেসে গিয়ে এখন পর্যন্ত ৫ হাজার ২০০ মানুষের প্রাণহানি হয়েছে। তার এই মন্তব্যের পর আরো ১০০ লোকের প্রাণহানির খবর এসেছে।
আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রিসেন্ট জানিয়েছে, বন্যায় সমুদ্রের দিকে ভাসিয়ে নিয়ে গেছে প্রায় ১০ হাজার মানুষকে।
পুরো দারনা শহরই ভেসে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরটির অ্যাম্বুলেন্স সোসাইটি জানিয়েছে, শুধুমাত্র এই শহরেই ২ হাজার ৩০০ জন মানুষের মৃত্যু হয়েছে।
এই বন্যা অনেকটা ভয়াবহ 'সুনামির মতো' বলেও আখ্যায়িত করেছেন। এদিকে উদ্ধারকারীরা সমুদ্রের পানিতে ভেসে যাওয়া মানুষের মরাদেহ পানি থেকে উদ্ধারে হিমশিম খাচ্ছেন।