লিবিয়ায় সামরিক আগ্রাসনে আরব ও মিশরকে এরদোগানের হুমকি
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, লিবিয়ায় অবৈধ ও অগ্রহণযোগ্য কাজ করছে সংযুক্ত আরব আমিরাত ও মিশর। তবে দেশটিতে স্থায়ী শান্তি আনয়নে তুরস্ক তাদের দায়িত্ব পালন করে যাবে।
লিবিয়ায় ক্ষমতা দখলের লড়াইয়ে দীর্ঘদিন আন্তর্জাতিকভাবে স্বীকৃত গভর্নমেন্ট অব ন্যাশনাল একোর্ড (জিএনএ) ও খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) লড়াই করে আসছে। জাতিসংঘ সমর্থিত জিএনএ-কে সমর্থন দিচ্ছে তুরস্ক। আর বিদ্রোহী এলএনএ-কে সমর্থন দিচ্ছে আমিরাত ও মিশর। উভয় পক্ষই একে অপরকে নানাভাবে দোষারোপ করে আসছে।
গত শুক্রবার এক ভাষণে এরদোগান আমিরাত ও মিশরের কড়া সমালচনা করে বলেন, লিবিয়ায় মিশর এলএনএ-কে সমর্থন দিচ্ছে। সেখানে তাদের বিভিন্ন পদক্ষেপ অবৈধ। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত চোরাচালানের মাধ্যমে হাফতারকে অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করে চলেছে, যা অগ্রহণযোগ্য। আমরা লিবিয়ায় একটি বৈধ সরকার নিয়ে কাজ করছি, যারা সামরিক অভ্যুত্থানের চেষ্টাকারীদের ঠেকিয়ে দেবে। আমিরাত ও মিশরের কারণে এই কার্যক্রম ব্যাহত হচ্ছে।