বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

কুমিল্লায় আওয়ামী লীগ কার্যালয় ও সাবেক এমপি বাহারের ব্যক্তিগত অফিসে অগ্নিসংযোগ

মোহাম্মদ খাইরুল আমিন • 18 নভেম্বর 2026, 07:58 সকাল • 5 বার পঠিত
কুমিল্লায় আওয়ামী লীগ কার্যালয় ও সাবেক এমপি বাহারের ব্যক্তিগত অফিসে অগ্নিসংযোগ

কুমিল্লায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।

মঙ্গলবার রাতে নগরের রামঘাট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে এবং মুন্সেফবাড়িতে সাবেক সংসদ সদস্যের বাড়ির নিচতলায় অবস্থিত ব্যক্তিগত কার্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ সময়ের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি।”

কয়েকজন যুবক বাইরে অবস্থান করে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন বলে এ পুলিশ কর্মকর্তার ভাষ্য।

একটি ভিডিওতে দেখা যায়, একদল যুবক মিছিল নিয়ে সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ির সামনে যান। একপর্যায়ে বাড়ির নিচতলায় বাহারের ব্যক্তিগত কার্যালয়ের ফটকের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

পরে কার্যালয়ের সামনে কাগজ ও কাঠে ও পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

স্থানীয় ও দলীয় লোকজনের সঙ্হে কথা বলে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন কুমিল্লা নগরের রামঘাট এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই দিন সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়েও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় মালামাল লুটের ঘটনাও ঘটে।

এসব ঘটনার পর থেকে নৈশপ্রহরী ছাড়া পরিবারের কোনো সদস্য সেখানে অবস্থান করছেন না। এর মধ্যে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি রাত ১ টার দিকে আবারও সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ ব্যক্তিরা বাড়ির জানালার গ্রিল ভাঙার চেষ্টা করেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন।

একপর্যায়ে বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর চালানোর পাশাপাশি কয়েকটি কক্ষ ও ভবনের সামনের অংশে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এর আগে একই দিন রাত সাড়ে ১২টার দিকে নগরের রামঘাট এলাকায় কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়েও ভাঙচুরের চেষ্টা চালানো হয়। এ সময় বিক্ষুব্ধ লোকজন দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের প্রধান ফটকের সামনের ইটের গাঁথুনি ভেঙে ফেলেন।