করোনায় ভ্রমণের অনুমতিপ্রাপ্ত দেশের তালিকা প্রকাশ ব্রিটেনের
করোনাভাইরাসের কারণে বিশ্বের এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতে বিভিন্ন বিধিনিষেধ জারি করা হয়েছে। কিছু কিছু রাষ্ট্রতে গমন ও সেখান থেকে আগমনে একেবারেই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এমতাবস্থায় ভ্রমণের অনুমতিপ্রাপ্ত দেশের তালিকা প্রকাশ করল ব্রিটেন।
সংক্রমণের হার ও ঝুঁকি বিবেচনায় বিভিন্ন দেশকে ‘ট্রাফিক লাইট’ ব্যবস্থায় তিনটি ক্যাটাগরিতে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। এর মধ্যে সবুজ তালিকায় থাকা দেশে বিনাবাধায় ভ্রমণ করা যাবে। আম্বার (হলুদাভ রঙ) তালিকাভুক্ত দেশে বাড়তি সতর্কতা মানতে হবে এবং লাল তালিকায় থাকা দেশগুলো ভ্রমণে যাওয়া প্রায় নিষিদ্ধ।
শুক্রবার ১২টি দেশ ও অঞ্চলের ‘সবুজ তালিকা’ প্রকাশ করেছে ব্রিটিশ সরকার। সেই তালিকায় রয়েছে পর্তুগাল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, ব্রুনেই, আইসল্যান্ড, ফারো দ্বীপপুঞ্জ, জিব্রাল্টার, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, সাউথ জর্জিয়া ও সাউথ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ; সেন্ট হেলেনা, অ্যাসেনশন এবং ত্রিস্তান দা কুনহা ও ইসরায়েল। শিগগিরই এসব দেশ ও অঞ্চলে বিনাবাধায় ভ্রমণে যেতে পারবেন যুক্তরাজ্যের অধিবাসীরা। হলুদ তালিকায় রয়েছে ফ্রান্স, গ্রিস, স্পেন ও ইতালি। এসব দেশে ভ্রমণ করে ফেরার পর কমপক্ষে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এদিকে বাংলাদেশসহ ভারত, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত আগে থেকেই লাল তালিকায় রয়েছে। এর সঙ্গে আরো যোগ হয়েছে তুরস্ক, মালদ্বীপ ও নেপাল। এসব দেশে ভ্রমণ করা যাবে না।
জানা গেছে, আগামী ১৭ মে থেকে কার্যকর হচ্ছে নতুন ভ্রমণ নির্দেশনা। অর্থাৎ সেদিন থেকে সবুজ তালিকায় থাকা দেশগুলো ভ্রমণে যাওয়ার সুযোগ পাবেন ব্রিটিশরা।