করোনার কারণে আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চাই না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
আজ মঙ্গলবার সকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তন থেকে ভার্চুয়ালি দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে যুক্ত করে নতুন কারিকুলামের (জাতীয় শিক্ষাক্রম) পাইলটিং কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ আহ্বান জানান।
এ উদ্বোধনের মাধ্যমে শুরু হলো নতুন কারিকুলামের আওতায় ষষ্ঠ শ্রেণির নতুন পাঠ্যবইয়ে পাঠদানের পাইলটিং কার্যক্রম।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। করোনার কারণে আমরা আবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চাই না।
নতুন কারিকুলামে শিক্ষার্থীরা নিজেরাই শিখবে। যতটা সম্ভব ভালোভাবেই তারা শিখবে। নতুন কারিকুলামে শিক্ষার্থীরা দক্ষ, যোগ্য, মানবিক বোধ সম্পন্ন হয়ে ওঠবে। আমরা চাই, যতগুলো জাতীয় লক্ষ্য আছে তা অর্জন করা, শান্তিপূর্ণ সুখী সমৃদ্ধ দেশ গড়া। শিক্ষক ও অভিভাবকসহ সবার প্রতি আমার আহ্বান-পাইলটিংয়ের সময় কোথায় কোথায় সমস্যা হচ্ছে তা যেন আমাদের জানানো হয়। আমরা যেন সবচেয়ে ভালো কারিকুলাম প্রণয়ন করতে পারি।
অনুষ্ঠানে কারিকুলাম বাস্তবায়ন সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে মহিবুল হাসান চৌধুরী বলেন, কারিকুলামের সর্বোচ্চ মান নিশ্চিত এবং সর্বাধুনিক করতে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষকদের সর্বোচ্চ মনোযোগ চাই। দক্ষতা ও মান অর্জনে আপনাদের সর্বোচ্চ কাজ করতে হবে।