কম্বোডিয়ায় শেষকৃত্যানুষ্ঠানে মদপান করে ১০ জনের মৃত্যু
কম্বোডিয়ায় এক শেষকৃত্যানুষ্ঠানে স্থানীয়ভাবে তৈরি করা চোলাই মদপান করে ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে অন্তত ৮ জনই নারী। বৃহস্পতিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পুরসাতের ক্রাকর জেলায় এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, ওই মদে উচ্চ মাত্রায় মিথানলের উপস্থিত ছিল বলে তারা সন্দেহ করছে।
ক্রাকর জেলার পুলিশ প্রধান বলেছেন, তারা প্রতিবেশীর শেষকৃত্যানুষ্ঠানে গিয়ে চোলাই মদপান করেন। তিনি বলেন, এ ঘটনায় আট নারী ও দুই পুরুষসহ ১০ জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীদের চোখ জ্বালাপোড়া, বুক ব্যথা, শ্বাসকষ্ট, মাথা ঘোরানো, মাথা ব্যথা ও ক্লান্তির মতো লক্ষণ ছিল।
পুলিশ প্রধান বলেন, ওই বিষাক্ত মদের নমুনা পরীক্ষার জন্য রাজধানী নমপেমের একটি ল্যাবে পাঠানো হয়েছে। রেজাল্ট এখনও আসেনি। এদিকে এই মদ তৈরির ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত জেলায় চোলাই মদ বিক্রি বন্ধের পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান তিনি।