বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কিয়েভের আশপাশ থেকে ১২০০ মৃতদেহ উদ্ধার

মোহাম্মদ খাইরুল আমিন 11 এপ্রিল 2022, 02:36 দুপুর 331 বার পঠিত
কিয়েভের আশপাশ থেকে ১২০০ মৃতদেহ উদ্ধার

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চল থেকে ১,২০০ মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। রোববার এই দাবি করেছে ইউক্রেন কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, রাশিয়ান সামরিক বাহিনীর ৬ সপ্তাহের আগ্রাসণে হত্যাযজ্ঞ ঘটেছে। 

এএফপির খবরে জানানো হয়েছে, মানুষ আতঙ্কগ্রস্থ। ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে তাই পালানোর হিড়িক পড়েছে। কদিন আগে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সময় একটি রেল স্টেশনে রুশ ক্ষেপনাস্ত্রের হামলায় প্রাণহানীর ঘটনা ঘটেছে। ৫২ জন মারা গিয়েছিলেন। যদিও রাশিয়া এই আক্রমণ করেনি বলে দাবি করে। 

ইউক্রেনের প্রসিকিউটর ভেনেদিকতোভা নিশ্চিত করেছেন যে কিয়েভ ও এর আশপাশ থেকে ১,২২২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

বুজোভা নামের একটি গ্রাম থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে রুশ বাহিনী অবরোধ করে ছিল। রাজধানীর পশ্চিমের শহর মাকারিভ থেকেও বেসামরিক নাগরিকদের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। কর্মকর্তারা জানান, মৃতদের সবাই গুলিতে নিহত হয়েছেন।

এদিকে রোববার জাতিসংঘ জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা করার পর ইউক্রেনে ৪,২৩২ জন বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১,৭৯৩ জন। আহত হয়েছেন ২,৪৩৯ জন। 

এদিকে পূর্বাঞ্চলের অনেক বাসিন্দা হামলার আশংকায় পালাতে বাধ্য হচ্ছে। প্রতিদিন আড়াই হাজারেরও বেশি লোককে এলাকা থেকে সরিয়ে নেয়া হচ্ছে বলে লুগানস্কের গভর্ণর সার্গি গেইডে জানিয়েছেন। 

তবে এখনও ২০ থেকে ২৫ শতাংশ লোক এলাকায় রয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন। তাদেরকে জোরপূর্বক সরিয়ে নেয়ার চেষ্টা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা জানি পরবর্তীতে কী ঘটতে যাচ্ছে। রুশ সৈন্যরা সামনে যা পাবে তাই ধ্বংস করবে। 

এদিকে রাশিয়ার ওপর ষষ্ঠ দফায় অবরোধ আরোপের লক্ষে সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসছেন। যদিও রাশিয়ার গ্যাস ও তেল আমদানি নিষিদ্ধ নিয়ে ইইউতে মতানৈক্য রয়েছে।