বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

খাশোগি হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছে সৌদি দূতাবাস কর্মী

অনলাইন নিউজ পোর্টাল 05 জুলাই 2020, 03:32 দুপুর 787 বার পঠিত
খাশোগি হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছে সৌদি দূতাবাস কর্মী

সৌদি ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি তুরস্কের সৌদি দূতাবাসে ঢোকার পর প্রায় এক ঘণ্টা চুলা জ্বালিয়ে রাখার নির্দেশ দেয়া হয়েছিল বলে আদালতে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত থাকা এক দূতাবাসকর্মী। তুরস্কের এক আদালতে খাশোগি হত্যা মামলার সাক্ষ্য দেয়ার সময় এ কথা বলেন তিনি। শুক্রবার মূল আসামি ২০ সৌদি কর্মকর্তার অনুপস্থিতিতেই মামলার বিচার কার্যক্রম শুরু হয়। সেখানে বিচারের প্রথম দিনে সাক্ষ্য দেন কনস্যুলেটের টেকনিশিয়ান জাকি দামির।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘খাসোগি তার প্রয়োজনীয় কাগজপত্র নিতে দূতাবাসে ঢোকার পর তাকে আবাসিক ভবনে ডাকা হয়। সেখানে পাঁচ–ছয়জন ব্যক্তি ছিলেন। তারা আমাকে তন্দুরের ওভেন জ্বালাতে বলেন। সেখানে পরিবেশ থমথমে ছিল।’

দামির জানান, ঘটনার দিন তিনি কনস্যুলেটের বাগানে মাংস কাটার অনেকগুলো বোর্ড দেখেছিলেন। এছাড়াও বাগানের চুলায় ছোট বারবিকিউয়ের আয়োজনও দেখেছেন তিনি। চুলার চারপাশের মার্বেলের স্ল্যাবগুলোর রঙ পাল্টে গিয়েছিল। সেগুলো রাসায়নিক দিয়ে পরিষ্কার করা হয়েছিল বলে তার ধারণা।

এ ঘটনায় পৃথক জবানবন্দি দিয়েছেন কনস্যুলেটের গাড়িচালক। তিনি বলেছেন, স্থানীয় একটি রেস্টুরেন্ট থেকে তাকে কাবারের কাঁচা মাংস আনার নির্দেশ দেয়া হয়েছিল।

আদালতে দেয়া জবানবন্দিতে জাকি দামির বলেন, একটি কালো গ্লাসের গাড়ি কনস্যুলেটের ঢোকার সময় বাগানের গ্যারেজের দরজা খোলার কাজে সহায়তা করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাকে দ্রুত সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়।

তুরস্কের আদালতে সৌদির গোয়েন্দা বিভাগের সাবেক উপপ্রধান আহমেদ আল-আসিরি ও রাজকীয় আদালতের সাবেক উপদেষ্টা সৌদ আল-কাহতানির বিরুদ্ধে ‘ভয়ানক উদ্দেশ্য নিয়ে হত্যায় প্ররোচনা’ দেয়ার অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়েছে, মামলার অন্য ১৮ আসামি খাশোগিকে হত্যার উদ্দেশ্যে তুরস্কে গিয়েছিলেন।