কাঁঠালবাগানে গ্যাসের আগুনে দগ্ধ ৫
রাজধানীর কাঁঠালবাগানের একটি বাসায় গ্যাসের আগুনে পাঁচজন দগ্ধ হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিসের এক বার্তায় জানানো হয়।
এতে বলা হয়, ‘কাঞ্চন টাওয়ার’ নামের দশতলা আবাসিক ভবনের চতুর্থ তলায় গ্যাসের লিকেজ থেকে আগুন লাগে। সকাল সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। মিনিট পনেরোর মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধরা হলেন—সাবা (৩০), আরএস রহমান (১,৫), আব্দুর রহমান (২৯), সানজিদা (২০) ও শামসুন নাহার (৫০)। তাদের প্রথম তিনজন এক পরিবারের সদস্য। শামসুন নাহার মেয়ে সানজিদাকে নিয়ে ওই বাসায় সাবলেট থাকতেন।
আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকার জানান, দগ্ধদের মধ্যে সাবার শরীরের শতভাগ পুড়ে গেছে। দেড় বছর বয়সি শিশু আরএস রহমানের শরীরের ৫৭ শতাংশ দগ্ধ হয়েছে।
তিনি জানান, শামসুন নাহারের শরীরের ৪০ শতাংশ, সানজিদার শরীরের ৩৭ শতাংশ এবং আব্দুর রহমানের শরীরের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। এ তিনজনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহতদের হাসপাতালে আনা প্রতিবেশী সুমন বলেন, গ্যাস না থাকায় রাতে চুলা চালু রাখা ছিল। সকালে আগুন জ্বালানো মাত্রই বিস্ফোরণ ঘটে।