বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কাফনের কাপড় পরে অনশন: নিয়োগপত্র পেলেন ২০ শিক্ষক

মোহাম্মদ খাইরুল আমিন • 01 অক্টোবর 2026, 08:10 সকাল • 2 বার পঠিত
কাফনের কাপড় পরে অনশন: নিয়োগপত্র পেলেন ২০ শিক্ষক

নিয়োগপত্রের দাবিতে অনশনে বসা ময়মনসিংহের ২২ প্রার্থীর মধ্যে ২০ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র পেয়েছেন।

বুধবার দিনভর অনশনের পর মধ্যরাতে তাদের নিয়োগপত্র দেওয়া হয়। তবে বাকি দুই প্রার্থীর নিয়োগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বুধবার রাতে ২০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে।”

বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত ২০ জনের নিয়োগপত্র (https://dpe.mymensingh.gov.bd/) ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এর আগে বুধবার বেলা ১১টা থেকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়ে অনশন কর্মসূচি শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া ময়মনসিংহ জেলার ২২ প্রার্থী।

পরে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান যে, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের নিয়োগ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিয়োগপত্র পাওয়ার পর অনশনকারী ফুলপুরের কাজী অনিক বলেন, “মধ্যরাতে ওয়েবসাইটে নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। নিয়োগপত্র পেয়ে আমরা খুশি। আজই যোগদান করব।”

তবে নিয়োগপত্র পাননি গফরগাঁওয়ের জাহিদ হাসান। তিনি বলেন, “আমি রাজনৈতিক কোনো পদ-পদবিতে ছিলাম না। তবুও নিয়োগপত্র কেন পেলাম না, তা জানি না।”

বাকি দুজনের নিয়োগপত্র পাওয়ার বিষয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, “তাদের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। নিয়োগপত্র পাওয়া ২০ জন আজই যোগদান করবেন।”