জি-৭ বৈঠকে যোগ দেওয়ার পর ভারতীয় প্রতিনিধিদল আইসোলেশনে
যুক্তরাজ্যে জি-সেভেনের আলোচনায় যোগ দিতে আসার পর পুরো ভারতীয় প্রতিনিধিদলটিকে আইসোলেশনে রাখা হয়েছে। ভারতীয় প্রতিনিধিদলের দুজন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হওয়ার পর ইংল্যান্ডের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ এই নির্দেশ দিয়েছে।
জানা গেছে, বুধবার লন্ডনে তাদের ছাড়াই বসে জি-৭ এর বৈঠক। তার আগে টুইট করে এ বিষয়ে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর। তিনি টুইটারে জানিয়েছেন, করোনা নেগেটিভ হলেও তিনি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই থাকছেন না জি-৭-এর বাকি বৈঠকগুলোতে। আপাতত ব্রিটেন সফরে তার দায়িত্বগুলো ভার্চুয়াল প্ল্যাটফর্মের সাহায্যেই সম্পন্ন করবেন বলেও জানান তিনি।
জি-৭ এর বৈঠকে যোগ দিতে ৪ দিনের সফরে সোমবারই লন্ডনে পৌঁছন জয়শঙ্কর এবং তার দল। মঙ্গলবার ব্রিটেনের স্বরাষ্ট্রসচিব প্রীতি পটেলের সঙ্গে সাক্ষাৎও করেন তিনি। বৈঠকের যোগ দেয়ার আগে নিয়মমাফিক করোনা পরীক্ষা করা হয়েছিল পররাষ্ট্রমন্ত্রীসহ ভারতীয় প্রতিনিধি দলের প্রত্যেকেরই। তাতেই ধরা পড়ে প্রতিনিধি দলের দুই সদস্যের করোনা সংক্রমণের কথা।
উল্লেখ্য, ভারত জি-৭ এর সদস্য দেশ নয়। জি-৭ এর সাতটি সদস্য দেশ হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, আমেরিকা এবং ব্রিটেন। তবু লন্ডনে আয়োজিত জি-৭ এর বৈঠকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধিদের। করোনা মহামারির পর এটাই প্রথম বৈঠক জি-৭ এর সদস্য দেশগুলোর।