ইউক্রেনে রাশিয়ার বিমান হামলা, নিহত প্রায় ৫০০ সেনা
ফের ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহরে নিকোলেভের একটি জাহাজ নির্মাণ কারখানায় বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। গত মঙ্গলবারের সে হামলায় কারখানাটিতে অবস্থান নেয়া ৫০০ ইউক্রেনীয় সেনাদের প্রায় সবাই নিহত হয়েছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত বুধবার এক বিবৃতিতে জানিয়েছে , মঙ্গলবার রুশ বিমান বাহিনীর ‘নির্ভুলভাবে ক্ষেপণাস্ত্র হামলায়’ ইউক্রেনীয় সেনাসদস্যদের নিহতের পাশাপাশি সেনাবাহিনীর অস্ত্র-গোলাবারুদ ও সামরিক যানবাহনও ধ্বংস হয়েছে।
ইউক্রেনের রুশ বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণাধীন অঞ্চল লুহানস্কে লড়াইরত ইউক্রেনীয় বাহিনী নিজেদের ৬০ শতাংশ শক্তি ইতোমধ্যে হারিয়েছে।
নিকোলেভের ওই জাহাজ নির্মাণ কারখানায় হামলার ঘটনা স্বীকার করেছে ইউক্রেনও। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নিকোলেভে একের পর এক ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী এবং তার ফলে বন্দরের অবকাঠামো, কারখানা ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সেনাসদস্যদের নিহতের বিষয়ে কিছু বলা হয়নি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে।
এদিকে মঙ্গলবার নিকোলেভে হামলার ২৪ ঘণ্টার মধ্যে, বুধবার সকালে সীমান্তবর্তী রুশ প্রদেশ রোস্তভে ড্রোন হামলা করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। তবে ওই হামলায় কেউ হতাহত হয়নি।
বর্তমানে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ লুহানস্কের সেভারদনেতস্ক শহরে ইউক্রেন সেনাদের সঙ্গে তীব্র সংঘাত চলছে রুশ বাহিনীর।