ইউক্রেনে ১৯৮২ জন বেসামরিক লোক নিহত: জাতিসংঘ
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সেই থেকে এখন পর্যন্ত দেশটিতে ১ হাজার ৯৮২ জন বেসামরিক মানুষ মারা গেছেন। এই তথ্য জানিয়েছে জাতিসংঘ। তবে এর সঙ্গে তাদের দাবি, বাস্তবে সংখ্যাটা এই হিসেবের চেয়ে অনেক বেশি।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের (ওএইচসিএইচআর) দেওয়া তথ্য বলছে, এপ্রিলের ১৪ তারিখ পর্যন্ত নিহত ১ হাজার ৯৮২ জনের মধ্যে শিশুর সংখ্যা ১৬২।
তারা আরো জানিয়েছে, রুশ হামলায় এ অব্দি ২ হাজার ৬৫১ জন আহত হয়েছেন। এর মধ্যে ২৫৬ জন শিশু রয়েছে। নিহত আহতরা সব গোলার আঘাত ও বিমান হামলার শিকার।
ইউক্রেন কর্তৃপক্ষ অবশ্য এর চেয়ে অনেক বেশি বেসামরিক মানুষ মারা গেছে বলে দাবি করে। শুধু মারিউপোলেই কয়েক হাজার বেসামরিক মানুষ মারা গেছে বলে জানায় তারা। এছাড়া কিয়েভে, বুচায় এবং এর আশপাশের শহরগুলোতে তারা গণকবর পাওয়ার খবর দিয়েছে। বিভিন্ন জায়গায় শত শত বেসামরিক লাশ উদ্ধারের দাবিও করে তারা।