ইউক্রেইন শান্তি আলোচনায় ইউরোপকে রাখায় সম্মতি পুতিনের, স্বাগত জানালেন জেলেনস্কি
ইউক্রেইন শান্তি আলোচনার পরবর্তী দফায় ইউরোপীয় প্রতিনিধিদের রাখতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার ক্রেমলিনে বৈঠকের পর মার্কিন দূত স্টিভ উইটকফ এ তথ্য জানিয়েছেন।
তবে রুশ প্রেসিডেন্ট বলেছেন, ইউরোপীয় মিত্ররা ইউক্রেইনে শান্তি চায় নাকি যুদ্ধ, তা বুঝতে ওয়াশিংটনকে তাদের সঙ্গে কাজ করতে হবে।
বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, আলোচনার টেবিলে ইউরোপকে জায়গা দেওয়ার এই পদক্ষেপ বড় অগ্রগতি হতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে যুদ্ধ কীভাবে শেষ হওয়া উচিত তা নিয়ে মস্কো ও ইউরোপীয় দেশগুলোর তীব্র মতপার্থক্যের কারণে আলোচনা বেশ কঠিন হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে উইটকফ বলেন, “পরবর্তী বৈঠকে ইউরোপীয়রা যোগ দেবে। তারা আমাদের অংশীদার এবং তাদের অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
পরে উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্টের আরেক দূত জ্যারেড কুশনার আয়ারল্যান্ডের ডাবলিনে গিয়ে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন।
জেলেনস্কি পরবর্তী দফার আলোচনা এবং তাতে ইউরোপীয়দের অংশগ্রহণের সম্ভাবনায় সন্তোষ প্রকাশ করেন বলে জানিয়েছে রয়টার্স।
তবে নতুন করে উত্তেজনার লক্ষণও দেখা গেছে। জেলেনস্কি অভিযোগ করেন, নতুন বিধিনিষেধের কারণে যুদ্ধক্ষেত্রে কিইভের ব্যবহৃত মার্কিন স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।
এ ছাড়া রাশিয়ার সঙ্গে নতুন ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার ধরনকে তিনি ‘কিছুটা অদ্ভুত’ বলে মন্তব্য করেন।
কুশনার ক্রেমলিনে আলোচনার সময় পুতিনকে বলেন, ওয়াশিংটন ইউরোপীয় পক্ষের অবস্থানে ‘বড় পরিবর্তন’ লক্ষ্য করেছে এবং ইউরোপীয়দের অন্তর্ভুক্ত করা হলে শান্তি আলোচনার অগ্রগতি বাধাগ্রস্ত হবে না।
জবাবে পুতিন বলেন, মস্কো কখনোই ইউরোপের সঙ্গে সংলাপ বন্ধ করেনি, বরং ইউরোপীয় ইউনিয়নই (ইইউ) সংলাপ ছিন্ন করেছিল।
তিনি সতর্ক করে বলেন, শান্তি চুক্তির পর ইউক্রেইনে পশ্চিমা সেনা পাঠানোর ইউরোপীয় পরিকল্পনা বাস্তবায়িত হলে তা আবারও যুদ্ধ শুরু করবে। কারণ রাশিয়া সেটিকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখবে।
অন্যদিকে আলোচনার পর ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ পরবর্তী বৈঠকে ইউরোপীয়দের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত না করে বলেন, তাদের বর্তমান অবস্থান ‘অন্তহীন যুদ্ধের ফর্মুলারই’ নামান্তর।
ডাবলিনে মার্কিন দূতদের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি আশা প্রকাশ করেন, পরবর্তী আলোচ্যসূচিতে যুদ্ধবিরতি ও সংঘাত প্রশমনের পদক্ষেপগুলো থাকবে।
চলতি সপ্তাহে আবুধাবিতে অনুষ্ঠিত দুই দিনের ত্রিপক্ষীয় আলোচনা ছিল গত নয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেইনের প্রথম সরাসরি বৈঠক।
সেখানে কিছু অগ্রগতি হলেও ইউক্রেইনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ডের দখল এবং পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চল নিয়ে বড় মতপার্থক্য রয়ে গেছে।
এদিকে বৃহস্পতিবার জেলেনস্কি জানান, স্পেসএক্সের স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ স্যাটেলাইট সেবায় বিধিনিষেধের কারণে সম্মুখসারি ও রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলে যোগাযোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ইউক্রেইনীয় ভূখণ্ডকে ইউক্রেইনের অংশ হিসেবে বিবেচনা না করার মত মার্কিন সিদ্ধান্তে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা স্পষ্ট হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে স্পেসএক্স কোনো মন্তব্য করেনি।
মস্কোয় মার্কিন দূতদের কাছে পূর্ব ইউক্রেইনের কস্তিয়ানতিনিভকায় একটি যৌথ রুশ-ইউক্রেইনীয় মানবিক মিশনের প্রস্তাব দেন পুতিন। শহরটি মস্কোর নিয়ন্ত্রণে বলে পুতিন দাবি করলেও কিইভ তা অস্বীকার করে আসছে।
পুতিন জানান, সেখানে আটকে পড়া ৪০০ থেকে ৫০০ বাসিন্দার জন্য এলাকাটি মাইনমুক্ত করতে রাশিয়ার পাঁচ দিন সময় লাগবে।
মার্কিন দূতেরা এই প্রস্তাবকে স্বাগত জানালেও কিইভের আশঙ্কা, যুদ্ধবিরতির সুযোগে মস্কো নিজেদের সামরিক বাহিনী পুনর্গঠন করতে পারে।
সম্প্রতি ইউক্রেইনের অবকাঠামোতে রুশ হামলা এবং পাল্টা জবাবে রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেইনীয় ড্রোন হামলার ফলে রাশিয়ার কিছু অঞ্চলে জ্বালানি সংকট দেখা দিয়েছে।
তবে পুতিন ভূখণ্ড নিয়ে তার দাবি শিথিল করার কোনো ইঙ্গিত দেননি। ইউক্রেইনের ভেতরে বাফার জোন (নিরাপত্তা বলয়) তৈরির দাবির পাশাপাশি ২০২২ সালে নিজেদের ভূখণ্ডে যুক্ত করা চারটি ইউক্রেইনীয় অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে তিনি অনড় রয়েছেন।