শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বাহরাইনে মার্কিন রাডার নিশানা করে হামলার দাবি ইরানের

মোহাম্মদ খাইরুল আমিন • 13 নভেম্বর 2026, 08:16 সকাল • 2 বার পঠিত
বাহরাইনে মার্কিন রাডার নিশানা করে হামলার দাবি ইরানের

বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ (আর্লি-ওয়ার্নিং) রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি।

দক্ষিণ ইরানের একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিশোধ হিসেবে এই আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে তারা।

আল জাজিরা লিখেছে, বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা সরকারি সূত্রের বরাত দিয়ে হরমোজগান প্রদেশের বন্দরনগরী সিরিক ‘শত্রুপক্ষের গোলাবর্ষণের’ শিকার হওয়ার খবর দেওয়ার কয়েক ঘণ্টা পর আইআরজিসি এই দাবি করে।

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি এই হামলাকে ‘আগ্রাসী শত্রুর’ প্রতি একটি ‘গুরুতর সতর্কবার্তা’ হিসেবে বর্ণনা করেছে। হরমুজ প্রণালিতে আকাশপথে ‘একের পর এক উসকানি ও তেল চোরাচালান’ বন্ধের আহ্বান জানিয়েছে তারা।

বিবৃতিতে বলা হয়, “এসব আগ্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটলে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স সীমাহীনভাবে জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”

আইআরজিসি-সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফারস জানিয়েছে, বাহিনীর অ্যারোস্পেস ফোর্স রাডার স্থাপনাটিকে ‘ধ্বংস’ করেছে। তবে এ বিষয়ে ওয়াশিংটন বা মানামার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বাহরাইনের রাজধানী মানামার নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি ঘাঁটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (ফিফথ ফ্লিট) সদর দপ্তর রয়েছে। এটি মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ-অভিযানের প্রধান কমান্ড সেন্টার।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার প্রথম কয়েক ঘণ্টার মধ্যে এই ঘাঁটিতে হামলা হয়েছিল। সে সময় আল জাজিরার বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রে ঘাঁটির বেশ কয়েকটি রাডার গম্বুজে সরাসরি আঘাত এবং বিভিন্ন ভবনে ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গিয়েছিল।

সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার বিষয়টি বিবেচনা করায় যুক্তরাষ্ট্র ওই অঞ্চলের ঘাঁটিগুলো থেকে সেনা সংখ্যা কমিয়েছে এবং কিছু কূটনৈতিক কর্মীকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, ‘অভিযানের প্রস্তুতি সর্বোত্তম পর্যায়ে রাখতে’ তারা নিয়মিতভাবেই সেনা ও সরঞ্জাম স্থানান্তর করে থাকে।

বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, সেপ্টেম্বরের শুরুর পর এই প্রথম কোনো উপসাগরীয় দেশে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করল ইরান।

এমন এক সময়ে এই দাবি এল, যখন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি জোরদার করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানসহ বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আবারও যুদ্ধ শুরু করে, তবে পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত যুদ্ধে জড়িত প্রতিটি সামরিক ঘাঁটি ইরানের হামলার ‘বৈধ লক্ষ্যবস্তুতে’ পরিণত হবে।

সেপ্টেম্বরে প্রকাশিত পেন্টাগনের ইন্সপেক্টর জেনারেলের এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুদ্ধের প্রথম চার মাসে বাহরাইনসহ আটটি দেশে মার্কিন স্থাপনায় ইরানের হামলায় শত শত ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

বিশ্লেষকদের মতে, ওই অঞ্চলের বেশ কয়েকটি মার্কিন ঘাঁটি ব্যবহারের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, কাতারের প্রস্তাবিত কূটনৈতিক প্রক্রিয়ায় কোনো চুক্তি না হলে তিনি আবারও যুদ্ধে ফিরতে প্রস্তুত।

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের ওপর অর্থনৈতিক চাপ ‘এতটাই কার্যকরভাবে কাজ করছে’ যে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করার প্রয়োজন নেই।

বুধবার আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, হরমুজ প্রণালি আর কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে না এবং ‘বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে’।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বন্দরগুলোর ওপর তাদের বাহিনীর নৌ-অবরোধ এখনো ‘কঠোরভাবে কার্যকর’ রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়েছিল।