ইথিওপিয়ায় বিমান হামলায় ৮০ জনের অধিক মানুষ নিহত
ইথিওপিয়ায় উত্তরাঞ্চলীয় তাইগ্রে অঞ্চলের তোগোগা গ্রামের একটি বাজারে বিমান হামলায় ৮০ জনের অধিক মানুষ নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে বাজারের ওপর বোমা ফেলা হয় বলে ভুক্তভোগী জানিয়েছেন।
স্থানীয় এক মেডিক্যাল কর্মকর্তা বিমান হামলায় অন্তত ৪৩ জনের প্রাণহানির কথা নিশ্চিত করেছেন। তবে এক চিকিৎসক সংবাদমাধ্যমকে বলেছেন, ঘটনাস্থলে থাকা চিকিৎসাকর্মীরা ৮০ জনের বেশি বেসামরিক নাগরিকের মৃত্যুর কথা জানিয়েছেন।
হামলায় বেঁচে যাওয়া ২০ বছর বয়সী এক তরুণ এএফপিকে বলেন, সেখানে আহত এবং নিহত অনেক মানুষ ছিল। আমরা তাদের শরীর ও রক্তের ওপর দিয়ে যাচ্ছিলাম।
খবরে জানা গেছে, ইথিওপিয়ান সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল গেটনেট আদানে বিমান হামলার কথা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেননি। তিনি বলেছেন, বিমান হামলা সামরিক বাহিনীর সাধারণ কৌশল, আর এতে বেসামরিক মানুষকে লক্ষ্য বানানো হয় না। তবে লন্ডনের কিংস কলেজের যুদ্ধবিদ্যা বিভাগের অস্থায়ী ফেলো মার্টিন প্লাটের মতে, সকল তথ্য-প্রমাণ বলছে এতে ইথিওপিয়ার সামরিক বাহিনীই দায়ী।