ইসরায়েলি হাসপাতালে ফিলিস্তিনি বন্দিদের ‘শেকলে বেঁধে’ নির্যাতন
মোহাম্মদ খাইরুল আমিন
•
22 মে 2024, 10:18 দুপুর
•
289 বার পঠিত
ইসরায়েলে হাসপাতালের বেডে গাজার ফিলিস্তিনি বন্দিদের শেকল পরিয়ে, চোখ বেঁধে রাখা হয়। কখনও কখনও তাদেরকে নগ্ন করে রাখা হয় এবং ন্যাপি পরতে বাধ্য করা হয়। বিবিসি-কে এ তথ্য জানিয়েছেন খোদ ইসরায়েলি চিকিৎসাকর্মীরা।
ফিলিস্তিনিদের সঙ্গে এমন আচরণ নির্যাতনেরই সামিল বলে বর্ণনা করেছেন এক চিকিৎসক।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক আরও জানিয়েছেন, কীভাবে একটি সামরিক হাসপাতালে ব্যথানাশক দেওয়া ছাড়াই ‘নিয়মিতভাবে’ ফিলিস্তিনি বন্দিদের অস্ত্রোপচার করা হয়। এভাবে অস্ত্রোপচারের কারণে তাদেরকে অসহনীয় ব্যথা সহ্য করতে হয়।
আরেকজন চিকিৎসকও জানান, একটি সরকারি হাসপাতালে গাজার ফিলিস্তিনি বন্দিদের অস্ত্রোপচারের সময় ‘খুব সীমিতভাবে’ ব্যথানাশক ব্যবহার করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে তিনি আরও জানান, অস্থায়ী সামরিক স্থাপনায় আটক গুরুতর অসুস্থ রোগীদের যথাযথ চিকিৎসা করা থেকে বঞ্চিত রাখা হচ্ছে। কারণ সরকারি হাসপাতালগুলো তাদেরকে সেখানে নিয়ে যাওয়া এবং চিকিৎসা দিতে ইচ্ছুক নয়।
জিজ্ঞাসাবাদের জন্য গাজা থেকে ইসরায়েলি বাহিনীর তুলে নিয়ে যাওয়া এক বন্দি জানান, তার পায়ের একটি ক্ষতস্থানের চিকিৎসা করতে দেওয়া হয়নি। সেকারণে শেষে তার পা-ই কেটে ফেলতে হয়েছিল।