ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতার বৈঠক
যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছেন, জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের কথা ইরান কখনো ভুলবে না এবং অবশ্যই আমেরিকার বিরুদ্ধে পাল্টা আঘাত হানবে। মঙ্গলবার সন্ধ্যায় তেহরান সফররত ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজিমির সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর এই প্রথম খামেনি কোনো বিদেশি অতিথির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন। তিনি বলেন, তারা আপনাদের রাষ্ট্রীয় অতিথিকে আপনাদেরই ভূমিতে হত্যা করেছে এবং দ্ব্যর্থহীনভাবে সে অপরাধের কথা স্বীকারও করেছে। এটি কোনো ছোটখাট বিষয় নয়।
সোলাইমানির হত্যাকাণ্ডকে ইরাকে মার্কিন সেনা উপস্থিতির অন্যতম ফসল হিসেবে উল্লেখ করে এই উপস্থিতির অবসান ঘটানোর জন্য বাগদাদ সরকারের প্রতি খামেনি আহ্বান জানান। তিনি বলেন, ইরান কখনো ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। তবে ইরান চায় ইরাক একটি সার্বভৌম, শক্তিশালী ও সম্মানিত দেশে পরিণত হোক।
খামেনি আরো বলেন, কিন্তু যুক্তরাষ্ট্র ঠিক উল্টো চায় এবং তা বাস্তবায়ন করতেই ইরাকে সেনা মোতায়েন করে রেখেছে।