ইন্দোনেশিয়ার শহর ম্যাকাসরের একটি চার্চের বাইরে বিস্ফোরণ
রবিবার ইন্দোনেশিয়ার শহর ম্যাকাসরের একটি ক্যাথলিক চার্চের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সন্দেহ করা হচ্ছে, এটি আত্মঘাতী হামলা ছিল। বিস্ফোরণের সময় চার্চের ভেতর লোকজন প্রার্থনা করছিল। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের মুখপাত্র জানিয়েছেন, আমরা ঘটনাস্থলে বেশ কয়েকজন হতাহত এবং মানুষের শরীরের বিচ্ছিন্ন অংশ দেখতে পেয়েছি। এগুলো হামলাকারীদের নাকি সাধারণ মানুষের তা নিশ্চিত হওয়া যায়নি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। হামলায় চার্চের পার্কিংয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
গির্জার পুরোহিত জানিয়েছেন যে, এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হামলায় হামলাকারী নিহত হয়েছেন। তবে কারা এই আক্রমণ করেছে এবং কে দায়ী সে বিষয়ে কোনো তথ্য জানায়নি পুলিশ। তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি।