বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

হজের নিবন্ধন শুরু, চলবে তিন দিন

মোহাম্মদ খাইরুল আমিন 16 মে 2022, 10:41 দুপুর 727 বার পঠিত
হজের নিবন্ধন শুরু, চলবে তিন দিন

সরকারি কিংবা বেসরকারি ব্যবস্থাপনায় এই বছর যারা পবিত্র হজ পালন করতে যেতে চান তাদের নিবন্ধন আজ সোমবার শুরু হয়েছে। এই নিবন্ধন চলবে তিন দিন। মানে বুধবার বা ১৮ মে পর্যন্ত। 

ধর্ম মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে হজে যেতে আগ্রহীদের এই তিন দিনের মধ্যে পছন্দের হজ প্যাকেজ অনুযায়ী টাকা শোধ করে নিবন্ধন করে নিতে বলেছে। 

তারা জানায়, ২০২০ সালের তিনটি প্যাকেজে নিবন্ধিত যারা এবার হজ করবেন, ১৬ থেকে ১৮ মের মধ্যে যে কোনো নিবন্ধন কেন্দ্র থেকে তাদের ২০২২ সালের যে কোনো একটি প্যাকেজে নতুন করে নিবন্ধন নিতে হবে।

২০২০ ও ২০২১ সালে হজের সুযোগ ছিল না। করোনার জন্য ২০২০ সালে হজ হয়নি। ২০২১ সালে শুধু কিছু সৌদি নাগরিক হজ করতে পেরেছেন। দুই বছর পর বিশ্বের মানুষের জন্য হজের সুযোগ উন্মুক্ত হয়েছে। এবার হজ করতে পারবেন সব মিলে ১০ লাখ মানুষ। 

এর আগে ২০২০ সালে হজের জন্য নিবন্ধন করেছিলেন অনেক মানুষ। কিন্তু সে বছরের চেয়ে এবারের হজ করতে খরচ বেশি পড়বে। তাই নিবন্ধনও নতুন করে করতে হবে। সেবার নিবন্ধিতদের বাড়তি টাকা সোনালী ব্যাংকে জমা দিয়ে নিবন্ধন করতে হবে। 

নিবন্ধনের পরও কেউ যদি হজে যেতে না পারেন তাহলে কেবল বিমান ভাড়া ও খাবারের জন্য নির্ধারিত খরচের টাকা ফেরত পাবেন। তবে বিমানের টিকিট নিশ্চিত হয়ে যাওয়ার পর কারো হজযাত্রা বাতিল হলে তিনি টিকিটের টাকা ফেরত পাবেন না।  

নিবন্ধন করতে পাসপোর্ট স্ক্যান করে পূরণ করতে হবে নিবন্ধন তথ্য। পাসপোর্টের মেয়াদ থাকতে হবে ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। ৬৫ বছরের বেশি কেউ এবার হজে যেতে পারবেন না।

প্রসঙ্গত, এবার বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন মোট ৫৭ হাজার ৫৮৫ জন। এর মধ্যে ৫৩ হাজার ৫৮৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় আর ৪ হাজার জন সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন। 

হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি ও বেসরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সরকার ঘোষিত ১ নম্বর প্যাকেজে খরচ হবে ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। আর ২ নম্বর প্যাকেজের খরচ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। 

বেসরকারি ব্যবস্থাপনার একমাত্র প্যাকেজটির খরচ নির্ধারিত হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা। এর বাইরে কোরবানির জন্য প্রত্যেক হজযাত্রীকে ৪১০ সৌদি রিয়ালের সম পরিমাণ ১৯ হাজার ৬৮৩ টাকা আলাদাভাবে সঙ্গে নিতে হবে।