হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু
পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি বছরে সৌদি আরবে আরও একজন বাংলাদেশি মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা যাওয়া ফারজিন সুলতানা নামের নারীর বয়স ৪১। তিনি হজের ছয় দিন পর গত ১৪ জুলাই মারা যান।
এবারের হজ পালন করতে গিয়ে এ নিয়ে ২০ জন বাংলাদেশির মৃত্যু হলো। এদের মধ্যে ১৪ জন পুরুষ, নারী ৬ জন।
আজ শনিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা যায়।
এই পোর্টালে বলা হয়, ফারজিন সুলতানার বাড়ি রাজধানী ঢাকার মিরপুরে। তার পাসপোর্ট নম্বর BW0389830। তার হজ গাইড মো. ফখরুদ্দিন, মোনাজ্জেম মো. আসাদুল হক মামুন।
ফারজিন সুলতানার আগে এবারের হজের সফরে মারা যাওয়া অন্য ১৯ বাংলাদেশির কবরও হয়েছে সৌদি আরবে। দেশটির আইন অনুযায়ী হজের সময় ভিন্ন দেশের কেউ মারা গেলে তাকে সৌদি আরবেই দাফন করা হয়। নিজ দেশে লাশ ফিরিয়ে দেওয়ার নিয়ম নেই।
পিলগ্রিম সূত্র থেকে জানা যায়, হজের ছয় দিন পর ১৪ জুলাই আরও দুইজন মারা যান- তারা হলেন কুষ্টিয়ার দৌলতপুরের মো. আজিজুল হক (৬৫) ও টাঙ্গাইল সদরের মো. মোস্তাফিজুর রহমান (৬১), ১৩ জুলাই মারা যান চাঁপাইনবাবগঞ্জের নাচোলের মো. শাহজাহান সিরাজ (৫৮) ও সিলেটের বিয়ানী বাজার এলাকার মো. ফয়জুর রহমান (৫০)। হজের আগের দিন ৭ জুলাই মারা যান ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরের বাসিন্দা শিরিন আখতার (৬০), ৪ জুলাই মারা যান নওগাঁর সাপাহারের মো. আব্দুল মোত্তালিব (৫৮), এর আগের দিন ৩ জুলাই মারা যান নওগাঁর সাপাহারের মো. রফিকুল ইসলাম (৫২) ও রংপুরের পীরগাছার মো. খয়বর হোসেন (৫৫), ১ জুলাই মারা যান মাদারীপুরের শিবচরের লায়লা আক্তার (৫২) ও রাজধানী ঢাকার লালবাগের বাসিন্দা তপন খন্দকার (৬২)।
এর আগের দিন ৩০ জুন মারা যান দুইজন। তারা হলেন সিরাজগঞ্জের কামারখন্দের বাসিন্দা মো. রফিকুল ইসলাম (৪৭) ও ঢাকার বাড্ডার ফাতেমা বেগম (৬০), ২৮ জুন মারা যান টাঙ্গাইলের সখিপুরের বাসিন্দা মো. আব্দুল গফুর মিয়া (৬১), ২১ জুন মারা ঢাকার কোতয়ালীর বিউটি বেগম (৪৭) ও রংপুরের পীরগাছার বাসিন্দা মো. আব্দুল জলিল খান (৬২)।
১৭ জুন মারা যান দুইজন। তারা হলেন জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা (৬৩) ও কুমিল্লার আদর্শ সদরের রামুজা বেগম (৫৪), এর আগের দিন ১৬ জুন মারা যান নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা নুরুল আমিন (৬৪), আর ১১ জুন এবারের হজে গিয়ে প্রথম যিনি মারা যান তিনি চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির (৬০)।
গত ৫ জুন থেকে ৫ জুলাই বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছেন ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী। হজ শেষে গত বৃহস্পতিবার (১৪ জুলাই) ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। চলবে ৪ আগস্ট পর্যন্ত।