হবিগঞ্জে ছেলের হাতে বাবা খুন
ছেলের হাতে বাবা খুন! হবিগঞ্জ সদর উপজেলায় তেমন এক অভিযোগ উঠেছে। এক ব্যক্তিকে তার ছেলে ছুরি মেরে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের হুরগাঁও গ্রামে শনিবার রাতে আজদু মিয়া নামে ৪৫ বছরের এক ব্যক্তি ছুরিকাঘাতে মারা গেছেন। তিনি গ্রামের রশিদ মিয়ার ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এই ঘটনার পর থেকে আজদু মিয়ার ছেলে মাসুম মিয়া পলাতক আছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঋণের কারণে দীর্ঘদিন ধরে আজদু মিয়া বাড়ি ছেড়ে একরকম পালিয়ে ছিলেন। শনিবার তিনি বাড়িতে ফিরে আসেন। ছেলে মাসুমের সঙ্গে তার কিছু একটা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মাসুম তার বাবা আজদুকে ছুরিকাঘাত করে। তাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা ঘটনাস্থলে যাওয়ার পর মাসুম বাড়ি থেকে পালিয়ে যান বলে জানা যায়।
ঘটনাটি পুলিশ তদন্ত করছে।