গর্বাচেভের মৃত্যুতে বিশ্বনেতাদের শোক
শেষ সোভিয়েত নেতা মিখাইল গরবাচেভের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বনেতারা।
গর্বাচেভের মৃত্যুতে ‘গভীর সমবেদনা’ প্রকাশ পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শেষ সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভের মৃত্যুতে তার গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তার শেষ নিঃশ্বাস ত্যাগের খবর পাওয়ার পরপরই তিনি এ সমবেদনা প্রকাশ করেন। বুধবার তার মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্র পেসকভ রাশিয়ার বার্তা সংস্থাকে বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন মিখাইল গর্বাচেভের মৃত্যুতে তার গভীর সমবেদনা প্রকাশ করেন। সকালে তিনি গর্বাচেভের পরিবার ও বন্ধুদের প্রতি শোক জানিয়ে টেলিগ্রাম বার্তা পাঠাবেন।’
গর্বাচেভকে বিশ্ব নিরাপদ করার ‘বিরল নেতা’ হিসেবে অভিহিত করেছেন বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক সোভিয়েত নেতা প্রয়াত মিখাইল গর্বাচেভের প্রশংসা করে তিনি তাকে বিশ্বকে নিরাপদ অবস্থানে নেওয়া একজন ‘বিরল নেতা’ হিসেবে অভিহিত করেছেন। মিখাইল গর্বাচেভ ৯১ বছর বয়সে মঙ্গলবার মস্কোতে মারা গেছেন। খবর এএফপি’র।
গর্বাচেভের গণতান্ত্রিক সংস্কারের কথা উল্লেখ করে এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘এটি ছিল একজন বিরল নেতার কাজ। অনেক দূরদর্শী চিন্তাশক্তি দিয়ে তিনি তা সম্ভব করে তোলেন। তিনি তার পুরো কর্মজীবনকে চরম ঝুঁকির মুখে ফেলে দিয়ে এটি অর্জন করেন। ‘ফলশ্রুতিতে একটি নিরাপদ বিশ্ব গড়ে উঠে এবং লাখো মানুষ ব্যাপকতর মুক্তি লাভ করে।’
বাইডেন বলেন, ‘মিখাইল গর্বাচেভ একজন অসাধারণ দূরদর্শী মানুষ ছিলেন।’
রাশিয়ার বার্তা সংস্থা মঙ্গলবার তার মৃত্যুর কথা ঘোষণা করে। সংস্থাগুলো জানায়, ‘গুরুতর ও দীর্ঘ অসুস্থতার পর’ মস্কোর কেন্দ্রস্থলের একটি হাসপাতালে গর্বাচেভ মারা যান।
১৯৮৫ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা গর্বাচেভ যুক্তরাষ্ট্র-সোভিয়েত সম্পর্কের বরফ গলাতে সহায়তা করেন এবং তিনি বেঁচে থাকা শেষ স্নায়ু যুদ্ধ নেতা ছিলেন।
তার সময় তিনি ছিলেন প্রভাবশালী ব্যক্তিবর্গের অন্যতম। সোভিয়েত নেতা হিসেবে তার সংস্কার তার দেশকে রূপান্তর ঘটায়।
এদিকে টুইটারে দেওয়া এক বিবৃতিতে রিগান ইনস্টিটিউট গর্বাচেভকে এমন ‘একজন মানুষ হিসেবে তুলে ধরেছে, যিনি এক সময় রোনাল্ড রিগানের প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং শেষ পর্যন্ত বন্ধু হন।’
গর্বাচেভকে শান্তির মানুষ বলে প্রশংসা করেছেন ম্যাক্রঁ
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ বুধবার সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভের প্রশংসা করে তাকে ‘শান্তির মানুষ’ হিসেবে বর্ণনা করেছেন। গর্বাচেভ ৯১ বছর বয়সে মস্কোতে মারা গেছেন।
ম্যাক্রঁ টুইটারে মিখাইল গর্বাচেভের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, শান্তির মানুষ হিসেবে তিনি রাশিয়ানদের জন্য স্বাধীনতার পথ খুলে দেয়াকে বেছে নিয়েছিলেন। ইউরোপে শান্তির প্রতি তাঁর অঙ্গীকার আমাদের অভিন্ন ইতিহাসকে বদলে দিয়েছে।