গরু জবাই নিষিদ্ধ করে মাংস রফতানি করা বিজেপির ভণ্ডামি: কংগ্রেস
‘ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গবাদি পশুর মাংস রফতানিকারক দেশ। বিজেপির নীতি যদি গরু ও মহিষ জবাই নিষিদ্ধ হয় তবে তাদের প্রথমে গরুর গোশত রফতানি নিষিদ্ধ করা উচিত। রাজ্যে জনসাধারণের ব্যবহারের জন্য গরু জবাই নিষিদ্ধ করা এবং অন্যদিকে, গরুর মাংস রফতানিকে উৎসাহিত করা হল ভণ্ডামি।’
এ মন্তব্য করেছে গোয়া কংগ্রেস। গতকাল (শুক্রবার) দলটির পক্ষ থেকে ওই মন্তব্য করা হয়েছে।
বিজেপি যেখানে ক্ষমতায় রয়েছে সেইসব রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করতে চাইলে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন ‘এনডিএ’ সরকারকে গরুর গোশত রফতানি নিষিদ্ধ করা উচিত বলেছেন তারা।
পানাজিতে এক সংবাদ সম্মেলনে বিরোধী দলের মিডিয়া সেলের আহ্বায়ক ট্রেজানো ডি’ মেলো বলেন, কর্ণাটক রাজ্য বিধানসভায় গরু জবাই নিষিদ্ধের একটি কঠোর আইন পাশের পরিপ্রেক্ষিতে শিগগিরি গোয়ায় গরুর গোশত সরবরাহ কমে যাবে।
কর্ণাটক থেকে গোয়ার জন্য গরুর গোশত সরবরাহ করা হয়। রাজ্যটিতে জীবিত গবাদি পশু জবাইয়ের পরে তার গোশত গোয়ায় আমদানি করা হয়।
রাজ্যের গরুর মাংস বিক্রেতারা ইতোমধ্যে কর্ণাটকের নতুন আইন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা বলেন, এরফলে উপকূলীয় রাজ্যে গরুর মাংস বিক্রি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবে এবং এখানে এটি সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তাঁরা আরও বলেন, বিশেষত ক্রিসমাসের মরসুমে তাদের বিক্রয়ে নেতিবাচক প্রভাব ফেলবে, কারণ এই সময়ে পর্যটকদের কাছে লাল মাংসের বিশেষ চাহিদা রয়েছে।