শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গাইবান্ধার উপনির্বাচন ৪ জানুয়ারি

মোহাম্মদ খাইরুল আমিন 06 ডিসেম্বর 2022, 12:43 দুপুর 480 বার পঠিত
গাইবান্ধার উপনির্বাচন ৪ জানুয়ারি

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের নতুন তারিখ আগামী ৪ জানুয়ারি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ কথা জানান ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম।

ইসি সচিব বলেন, আগামী ৪ জানুয়ারি গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ আসনের ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সবগুলো কেন্দ্র থাকবে সিসি টিভির আওতায়। প্রার্থীরা আজ থেকেই প্রচারণা শুরু করতে পারবেন।

এর আগে গতকাল সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জানান, জানুয়ারির ১৫ তারিখের মধ্যেই গাইবান্ধার উপনির্বাচন হবে। আগের নির্বাচনের দোষী কেউ নতুন নির্বাচনের দায়িত্বে থাকবেন না। ওই এলাকা থেকে সম্ভব না হলে প্রয়োজনে পার্শ্ববর্তী জেলা-উপজেলা, তাও সম্ভব না হলে দেশের যেকোনো স্থান থেকেই প্রিসাইডিং অফিসার আনা হবে।

তিনি আরো বলেন, ভালো নির্বাচনের জন্য নির্বাচনের সংস্কৃতির পরিবর্তন করতে হবে। উপনির্বাচনের ভোটে অনিয়মের অভিযোগে ১৩৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। গত ৩০ নভেম্বর নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান, তদন্তে ১২৫ জন প্রিজাইডিং কর্মকর্তা ও পাঁচটি কেন্দ্রের পাঁচজন এসআইয়ের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। এ জন্য আইন অনুযায়ী, ইসি সচিবকে ওই ১২৫ জন কর্মকর্তার নামের তালিকা তাদের নিজ নিজ নিয়ন্ত্রণকারী ও নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে পাঠাতে বলা হয়েছে।