বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৮ শিক্ষার্থী

মোহাম্মদ খাইরুল আমিন • 11 নভেম্বর 2026, 06:49 সকাল • 3 বার পঠিত
ফতুল্লায় মাদ্রাসায় আগুন: বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৮ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩৮ জন বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন।

সেখানকার চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বুধবার সকাল পৌনে ১১টায় জানান, জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৯৪ জন শিক্ষার্থীকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। চিকিৎসা শেষে ৫৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

শারীরিক অবস্থা বিবেচনা নিয়ে ৩৮ জনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, ভর্তি থাকা রোগীদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

আইসিইউতে থাকা চার শিক্ষার্থী হলেন আজিজুল ইসলাম সিয়াম (১৪), ইউসুফ (২০), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।

সোমবার রাত ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দোতলায় আগুন লাগে। তাতে ওই তলায় থাকা লাইব্রেরি পুড়ে যায়।

বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা।

আবাসিক মাদ্রাসাটির প্রায় ১৩০০ শিক্ষার্থীর বেশির ভাগই কিশোর-তরুণ।

বার্ন ইনস্টিটিউটের ডা. সুলতান মাহমুদ বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যালোচনার জন্য ইতোমধ্যে দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

“মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং রোগীদের শারীরিক অবস্থার উন্নতি বিবেচনা করে আজ কিছু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।”

অসুস্থ শিক্ষার্থীদের সবশেষ অবস্থার বিষয়ে এদিন দুপুরে ব্রিফ করা হবে বলে জানান তিনি।