বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কানাডা প্রবাসী নারী খুন: স্বামীসহ পাঁচজনের বিচার শুরুর আদেশ

মোহাম্মদ খাইরুল আমিন • 11 নভেম্বর 2026, 06:51 সকাল • 5 বার পঠিত
কানাডা প্রবাসী নারী খুন: স্বামীসহ পাঁচজনের বিচার শুরুর আদেশ

বছর তিনেক আগে ঢাকার দক্ষিণখানে কানাডা প্রবাসী এক নারীকে হত্যার পর পুঁতে রাখার মামলায় তার স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

ঢাকার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সরওয়ার আলম বুধবার এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. হাসান আলী জানান, বিচারক এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন রেখেছেন।

অভিযুক্তরা হলেন—নিহত আফরোজার স্বামী আশরাফুল, শ্বশুর শামছুদ্দিন আহমেদ, দেবর সজীব আলম, সজীবের স্ত্রী তাহমিনা বাশার ও খালাশাশুড়ি আইনজীবী পান্না চৌধুরী।

আসামিদের মধ্যে আশরাফুল কারাগারে আছেন। শুনানির আগে তাকে আদালতে হাজির করা হয়। অপর আসামিরা জামিনে থেকে হাজিরা দেন।

গত ১৪ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ হয়। আদেশের জন্য দুই দফা পিছিয়ে দিন রাখা হয় ১১ নভেম্বর।

এদিন আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। তবে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

আসামিদের পক্ষে ঢাকা বারের সাবেক সভাপতি খোরশেদ আলমসহ কয়েকজন আইনজীবী অব্যাহতি চেয়ে শুনানি করেন। বাদীপক্ষে আছেন মাহমুদ আল মামুন হিমু।

২০২৩ সালের ২৬ মে দক্ষিণখানের নদ্দায় স্ত্রী আফরোজাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন আশরাফুলসহ অন্য আসামিরা। এ ঘটনায় আফরোজার ভাই আরিফুল ইসলাম বাদী হয়ে দক্ষিণখান থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর আশরাফুলসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই রেজিয়া খাতুন।

আফরোজাকে ‘খুন করে’ কানাডা পাড়ি জমান আশরাফুল। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।