ফিলিস্তিনিদের ওপর হামলা, ৩১ টি দেশে নিন্দার ঝড়
জেরুজালেমে আল-আকসা মসজিদে জুমাতুল বিদায় মুসল্লিদের জমায়েতকে কেন্দ্র করে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি দেশ। এছাড়া, তুরস্ক, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।
জেরুজালেমের উত্তেজনা নিরসন করার জন্য শনিবার (০৮ মে) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে ইইউ। এছাড়াও পৃথক পৃথক বিবৃতি দিয়েছে তুরস্ক, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। এ ঘটনায় তীব্র সমালোচনা করেছে দেশগুলো। খবর ডেইলি সাবাহর।
ইইউ মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘সহিংসতা ও উসকানি অগ্রহণযোগ্য এবং অপরাধী এবং মদদদাতাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।’
বিবৃতিতে বলা হয়েছে, হারাম আল শরীফকে ঘিরে উসকানিমূলক আচরণগুলো এড়িয়ে চলতে হবে এবং এর প্রতি সম্মান করতে হবে। রাজনৈতিক, ধর্মীয় ও বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সংযম ও দায়িত্বশীল আচরণ প্রদর্শন করা উচিত। পাশাপাশি এই অস্থির পরিস্থিতি শান্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা জরুরি।