ফেসবুকের উচিত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেয়া, দাবি আমেনেস্টির
প্রযুক্তির কল্যানে প্রচারণা-অপপ্রচারণা উভয়ই বেশ সহজ হয়ে গেছে। সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এখন সংবাদ প্রচারের অন্যতম প্ল্যাটফর্ম।
অনলাইনে রোহিঙ্গাবিরোধী ঘৃণাসূচক বক্তব্য প্রচার করায় মিয়ানমার থেকে বাস্তুচ্যুত এই সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের ফেসবুকের ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্তব্য করেছে সবচেয়ে বড় মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে ফেসবুকের প্রচারনীতির কঠোর সমালোচনা করে তাদের ওপর সরকারের নজরদারি বাড়ানোরও দাবি জানিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থাটি। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর ব্যাপক অত্যাচার-নির্যাতন শুরু করে দেশটির সামরিক বাহিনী। সে সময় হত্যা, ধর্ষণ, লুটপাটের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা। এর আগেও এসেছিল কয়েক লাখ। বাংলাদেশে বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছে।