এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের প্রজ্ঞাপন নিয়ে আসছে সুখবর
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন হ এহছানুল হক মিলন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সভা শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
সরকারি কর্মচারীদের জন্য গত ২১ সেপ্টেম্বর নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়। এরপর বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম পে-স্কেলের আওতায় আসবেন বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্তির পৃথক গেজেট জারি হবে। এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে মৌখিকভাবে আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন দেশে না থাকায় শিক্ষক-কর্মচারীদের পে স্কেলের পৃথক গেজেটের বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া যায়নি। তারা দেশে ফেরার পর বিষয়টি গতি পেয়েছে।
এদিকে, সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়। তারা বিষয়টি নিয়ে কাজ করছে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নবম জাতীয় পে-স্কেলে বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্ত করতে হলে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠাতে হবে। এরপর বেসরকারি জনবলকে নবম পে-স্কেলের সুবিধা দিতে সম্মতি দিয়ে অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে গেজেট জারি করবে। অর্থ মন্ত্রণালয়ে সম্মতি না পাওয়া পর্যন্ত পৃথক গেজেট জারি করা সম্ভব হবে না।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন আছেন প্রায় ৪ লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন পৌনে ২ লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ২৩ হাজারের বেশি শিক্ষক ও কর্মচারী।