এবার সীমান্তবর্তী দেশ লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল
এবার সীমান্তবর্তী দেশ লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। সোমাবার লেবাননে ইসরায়েলি বাহিনী ২২টি বোমা ছোড়ে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত ছয়টি রকেট ছোড়ে লেবানন। তবে সেগুলো লক্ষ্যে আঘাত হানতে পারেনি, লেবাননের ভূখণ্ডেই বিস্ফোরিত হয়েছে। বিপরীতে লেবাননের যে জায়গা থেকে রকেট ছোড়া হয়, সেই জায়গা লক্ষ্য করে গোলা নিক্ষেপ করে ইসরায়েল।
গত সপ্তাহে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা শুরুর পর এ নিয়ে দ্বিতীয়বার লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা ঘটল।
এর আগে গত বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি শরণার্থী শিবির রাশিদিয়ার কাছের এলাকা থেকে ইসরায়েলের দিকে তিনটি রকেট ছোড়া হয়। তিনটি রকেটই সাগরে পড়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী।
লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী ও ইসরায়েলের কট্টর বিরোধী হিজবুল্লাহর একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, এসব হামলার সঙ্গে সংগঠনটির কোনো সম্পৃক্ততা নেই।