এবার পুরুষ ছাড়া বিমানে নারী চলাচল বন্ধ করল তালেবান
তালেবান : আফগানিস্তানের সব এয়ারলাইনকে নির্দেশ দিয়েছে পুরুষ অভিভাবক ছাড়া অভ্যন্তরীন বা আন্তর্জাতিক, কোনো ফ্লাইটেই আফগান নারীরা চলাচল করতে পারবে না। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
তবে এর আগে গত বুধবার তালেবান মেয়েদের উচ্চমাধ্যমিক স্কুল বন্ধ করে দেয়। তবে পরে জানা যায় মেয়েদের স্কুলে যেতে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল।
তালেবানের সেই প্রতিশ্রুতি রক্ষা না করায় অনেক আফগান হতাশ হয়েছেন। বিদেশি সরকার এবং নানা মানবাধিকার সংগঠন এজন্য তালেবানের নিন্দা জানিয়েছে।
মেয়েদের স্কুল বন্ধ করে দেওয়ার জেরে যুক্তরাষ্ট্র গত শুক্রবার অর্থনৈতিক নানা বিষয় নিয়ে তালেবান কর্মকর্তাদের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করে।
রয়টার্স জানায়, তারা যে সূত্র থেকে নারীদের উড়োজাহাজে ভ্রমণের বিষয়ে তথ্য পেয়েছেন তারা নিরাপত্তার খাতিরে নিজেদের নাম প্রকাশ করতে রাজি হননি।
প্রতিরোধ মন্ত্রণালয় থেকে শনিবার দেশটির সব এয়ার লাইনসকে চিঠি দিয়ে নতুন নিষেধাজ্ঞার বিষয়ে অবহিত করে।
তবে যেসব নারী এরই মধ্যে পুরুষ সঙ্গী ছাড়া বিমানের টিকিট বুক করে ফেলেছেন, তারা কেবল রোববার ও সোমবার ভ্রমণ করার অনুমতি পাবেন।
শনিবার কাবুল বিমানবন্দর থেকে টিকিট কাটা আছে এমন কয়েকজন নারীকে উড়োজাহাজে উঠতে দেওয়া হয়নি বলেও জানান তারা।
এর আগে তালেবান প্রশাসনের একজন মুখপাত্র বলেছিলেন, বিদেশে পড়তে যাওয়া নারীদের উচিত একজন পুরুষ স্বজনকে সঙ্গে নিয়ে যাওয়া।
১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান শাসন করে তালেবান। তারপর সেনা অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্র তাদের ক্ষমতা থেকে উৎখাত করে।
গত বছর পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। নতুন করে ক্ষমতা দখলের পর তারা বলেছিল, যুগের সঙ্গে তাল মেলাতে আগের বারের তুলনায় তারা তাদের শাসন ব্যবস্থায় এবার কিছু পরিবর্তন আনবে।
বলেছিল, ইসলামি আইন এবং আফগান সংস্কৃতি অনুযায়ী তারা এবার নারীদের বেশ কিছু অধিকার দেবে।