এবার জাপানে আঘাত হানলো শক্তিশালী টাইফুন ‘নানমাদল’
জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে ভয়াবহ সুপার টাইফুন নানমাদল। এরইমধ্যে হাজার হাজার লোককে ঐ অঞ্চল থেকে সরিয়ে নেয়া হয়েছে।
এদিকে , জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানায়, রোববার দক্ষিণাঞ্চলের কিয়ুশু দ্বীপে টাইফুনটি আঘাত হানে। ঐ দ্বীপে ‘বিশেষ সতর্কতা’ জারি করা হয়েছে।
তবে জানা যায়, এ ধরনের বিশেষ সতর্কতা জারির ঘটনা সাধারণত কয়েক দশকে একবার ঘটে। প্রায় ৩০ লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরে যেতে অনুরোধ জানিয়েছিল কর্তৃপক্ষ।
এদিকে, রোববার সকাল নাগাদ কাগোশিমা ও পার্শ্ববর্তী মিয়াজাকি এলাকার ২৫ হাজার ৬৮০ বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এছাড়া ঝড়ের আশঙ্কায় আঞ্চলিক ট্রেন, ফ্লাইট ও ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
ফায়ার এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি বলছে, প্রায় ২৯ লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। রোববার সকাল নাগাদ আট হাজার ৫০০ লোক স্থানীয় আশ্রয় কেন্দ্রে উপস্থিত হয়েছে বলে কাগোশিমার কর্মকর্তারা জানিয়েছেন। এনএইচকে বলছে, বুলেটসহ আঞ্চলিক ট্রেন চলাচল বন্ধ এবং অন্তত ৫১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।