এবার হজের খুতবার বাংলা অনুবাদে থাকছেন কওমী ঘরানার আলেম
এবার হজের খুতবার বাংলা অনুবাদ যারা করবেন
থাকছেন কওমী মাদরাসার একজন অনুবাদকও
আগামী ২৭ জুন আরাফা ময়দানে অবস্থান করবেন হাজিরা । সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সায়িদ সেদিন ২০ লাখের বেশি হাজি সাহেবদের উদ্দেশ্যে মসজিদে নামিরা থেকে খুতবা দেবেন।
বিশ্বের ৩০ কোটিরও বেশি মানুষের কাছে ইসলামের শান্তিপূর্ণ বাণী পৌঁছে দিতে ২০টিরও বেশি ভাষায় খুতবা সম্প্রচার করা হবে। এসব কাজের তত্ত্বাবধান করছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগ।
এই ২০ ভাষার মধ্যে রয়েছে বাংলাও । বাংলাভাষাভাষীদের জন্য হজের খুতবার বাংলা অনুবাদ করবেন বাংলাদেশের কৃতি সন্তানরা ড. খলীলুর রহমান, আ ফ ম ওয়াহিদুর রহমান মাক্কী, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। উনারা সবাই মক্কার বিখ্যাত উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন।
বিগত ২০২০ ও ২০২১ সালেও হজের খুতবার বাংলা অনুবাদ করেছেন মাওলানা আ ফ ম ওয়াহিদুর রহমান মাক্কী। মূলত তার মাধ্যমেই খুতবার বাংলা অনুবাদ কার্যক্রম শুরু হয়।
পবিত্র মসজিদুল হারামের জুমার খুতবার বাংলা অনুবাদ প্রায়ই তিনি করে থাকেন। তাঁর বাড়ি কক্সবাজারের রামু উপজেলার গর্জনীয়া পূর্ব বোমাংখিল গ্রামে। বর্তমানে তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক হিসেবে অধ্যয়নরত। ১৯৯৮ সালে তিনি তামিরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে হাদিস বিভাগে কামিল ও মাদরাসা-ই-আলিয়া থেকে তাফসির বিভাগে কামিল ডিগ্রি সম্পন্ন করেন। এরপর ২০০৪ সাল পর্যন্ত তিনি রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক ছিলেন।
গত বছর খুতবার সহযোগী অনুবাদক হিসেবে ছিলেন ড. খলীলুর রহমান। খলীলুর রহমানের বাড়ি কুমিল্লার শাসনগাছায়। সম্প্র্রতি তিনি পিএইচডি গবেষণা সম্পন্ন করেছেন। ১৯৯২ সালে তিনি ধামতী ইসলামিয়া কামিল মাদরাসা থেকে কামিল বিভাগে দেশে প্রথম স্থান অধিকার করেন। পরবর্তী সময়ে নওগাঁ কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেন।
অপর অনুবাদক বাংলাদেশ কওমী ঘরানার মাওলানা নাজমুস সাকিব । তিনিও উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের শিক্ষার্থী। তিনি রাজধানীর অন্যতম কওমী মাদরাসা জামিয়া শরইয়্যাহ মালিবাগ মাদরাসা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন। মুবিনুর রহমান ফারুকের বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়। চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করেন তিনি। বর্তমানে তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে এমফিল গবেষক হিসেবে অধ্যয়নরত আছেন।