দুশ্চিন্তা, ঋণ ও অনিষ্ট থেকে মুক্তি লাভের দোয়া
প্রত্যেক মানুষকেই বিপদের মোকাবেলা করতে হয়। আর এই বিপদে পরে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আবার অনেকেই মন্দলোকের আক্রোশের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হন। দুশ্চিন্তা, ঋণ ও অন্যের অনিষ্টের কারণে কষ্টে থাকা মানুষের সমাজে হরহামেশাই দেখা মেলে। এসব থেকে মুক্তি পেতে কিছু দোয়া রয়েছে, যেগুলো পাঠ করলে এসব থেকে নিরাপদ থাকা যায়।
দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তি লাভের দোয়া
হজরত আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ওই দোয়াটি সকাল-সন্ধ্যা পাঠ করবে, আল্লাহ তায়ালা তার সমস্ত ঋণ ও দুশ্চিন্তা দূর করে দেবেন।’
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْجُبْنِ وَأضَلَعَ الدَّيْنِ وَ غَلَبَةِ الرِّجَالِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি, ওয়াল হুজনি, ওয়া-আউজুবিকা মিনাল আজজি, ওয়াল কাসালি, ওয়া আউজুবিকা মিনাল বুখলি, ওয়াল জুবনি, ওয়া আউজুবিকা মিন গালাবাতিদ দাইনি- ওয়া কাহরির রিজাল।’
অর্থ: ‘হে আল্লাহ! আমি তোমার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে, আরও আশ্রয় নিচ্ছি অক্ষমতা ও অলসতা থেকে, আরও আশ্রয় নিচ্ছি কৃপণতা ও কাপুরুষতা থেকে আরও আশ্রয় নিচ্ছি ঋণের প্রবলতা ও মানুষের চাপপ্রয়োগ থেকে।’ -সুনানে আবু দাউদ: ১৫৫৫
সব অনিষ্ট থেকে নিরাপদে থাকার দোয়া
হজরত আবদুল্লাহ ইবনে খুবাইব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমরা এক বর্ষণমুখর অন্ধকার রাতে নবী করিম (সা.) কে খুঁজতে বের হলাম, যেন তিনি আমাদের নিয়ে নামাজ পড়েন। তার সঙ্গে যখন সাক্ষাৎ হলো- তিনি বললেন, কুল অর্থাৎ, বলো। আমি নিশ্চুপ রইলাম। তিনি আবার বললেন, কুল অর্থাৎ, বলো। আমি নিশ্চুপ রইলাম। তিনি আবার বললেন, কুল অর্থাৎ বলো। আমি আরজ করলাম, আল্লাহর রাসূল! কী বলব? তিনি বললেন, কুলহুয়াল্লাহু আহাদ ও মুয়াওয়াজাতাইন (অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস)। সন্ধ্যায় ও সকালে তিনবার এ সূরাগুলো পড়বে, সব কিছু থেকে তোমার হেফাজতের জন্য যথেষ্ট হবে।’ -সুনানে আবু দাউদ: ৫০৮২
বিষধর প্রাণীর ক্ষতি থেকে নিরাপত্তার দোয়া
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি বিকেল বেলা এই দোয়াটি তিনবার পড়বে, সে রাতে কোনো বিষধর প্রাণী তার ক্ষতি করতে পারবে না।’
أعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
উচ্চারণ: ‘আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক।
অর্থ: আল্লাহর পরিপূর্ণ কালেমাসমূহের ওসিলায় আমি তার কাছে তার সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই।’ -সুনানে তিরমিজি: ৩৬৬৫