দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জুমার বিরুদ্ধে কারাদণ্ডাদেশ
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার বিরুদ্ধে ১৫ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে সাংবিধানিক আদালত। প্রেসিডেন্ট থাকাকালীন এক দুর্নীতির মামলার তদন্তে হাজির হতে আদালতের নির্দেশ অমান্য করায় তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত।
২০০৯ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন জ্যাকব জুমা। ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন। ক্ষমতায় থাকাকালীন ঘুষসহ দুর্নীতির অভিযোগে জর্জরিত ছিলেন তিনি ও তার সরকার।
দুর্নীতি ও ঘুষ ছাড়াও রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠার পর তদন্ত শুরু হলে দেশটির সাবেক এই প্রেসিডেন্ট মাত্র একবারই তদন্তে হাজিরা দেন। এরপর আদালত থেকে নির্দেশ দেওয়া হলেও তিনি হাজিরা দিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন।
অভিযোগ তদন্তে বিচারপতি রে জোন্ডোর নেতৃত্বে গঠিত কমিশন জুমাকে হাজির করতে সাংবিধানিক আদালতের হস্তক্ষেপ চায়। আদালত বলেছে, পাঁচ দিনের মধ্যে জুমা আত্মসমর্পণ না করলে পুলিশ মন্ত্রীর অবশ্যই তাকে গ্রেফতারের আদেশ দিতে হবে।