দেশের যেসব স্থানে ঈদ উদযাপন হচ্ছে আজ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশাল, চাঁদপুর, শরীয়তপুর, জামালপুর, দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থানে আজ পালিত হচ্ছে “পবিত্র ঈদুল আজহা”
বুধবার (২৮ জুন) সকালে এসব জেলার কিছু সংখ্যক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।
বরিশাল
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশাল বিভাগের ৭৩টি মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। তারা চট্টগ্রামের চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহসুফি দরবার শরীফের অনুসারী। প্রায় শতাধিক বছর ধরে এভাবে ঈদ উদযাপন করে আসছেন তারা।
বুধবার সকাল সাড়ে আটটায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়া চৌধুরীবাড়ি শাহ-মমতাজিয়া জামে মসজিদ ও ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠী হাড়িবাড়ি শাহসুফি জাহাগীরিয়া জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া বরিশালের বাবুগঞ্জের বিভিন্ন এলাকায় আগাম ঈদ পালন করেন ওই দরবার শরীফের অনুসারীর। পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে স্রোতের বিপরীতে তার সঙ্গে মিলিয়ে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ যাবতীয় ধর্মীয় অনুষ্ঠান পালন করেন তারা।
শরীয়তপুর
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ছয় উপজেলার ৪০টি গ্রামের সুরেশ্বর পিরের অনুসারীরা ঈদুল আজহা উদযাপন করছেন। বুধবার সকালে সুরেশ্বর দরবার শরীফ মাঠে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসী জানান, শরীয়তপুরের ছয় উপজেলার ৪০টি গ্রামের কয়েক হাজার মানুষ ১৯২৮ সাল থেকে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রমজানের রোজা রাখা, ঈদ উদযাপনসহ বিভিন্ন উৎসব পালন করে আসছেন।
এরই ধারাবাহিকতায় বুধবার সকাল সাড়ে ৯টায় সুরেশ্বর দরবার শরীফে ঈদের জামাত শেষে সেমাই পোলাও খেয়ে কোরবানির মাধ্যমে ঈদুল আজহার আনুষ্ঠানিকতা পালন করেন তারা।
জামালপুর
জামালপুরের সরিষাবাড়ীতে ১৬টি গ্রামের দুই শতাধিক মুসল্লি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করেছেন। বুধবার সকাল সাড়ে ৮টায় পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টারবাড়ি সংলগ্ন জামে মসজিদ মাঠে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
দিনাজপুর
এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুর সদর উপজেলাসহ ছয়টি উপজেলায় ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিদের একটি অংশ। বুধবার সকাল সাড়ে ৭টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়ের পার্টি সেন্টারে ঈদুল আজহার নামাজ আদায় করেন দিনাজপুর শহর ও আশপাশের কয়েকটি এলাকার মানুষ। এই জামায়াতে পুরুষ, নারী ও শিশুসহ ৩০০ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। এই জামায়াতে ইমামতি করেন চিরিরবন্দর উপজেলার একটি মাদরাসার শিক্ষক ও উপজেলা সদরের বাসিন্দা মাওলানা আবু বকর বিন আব্দুল্লাহ।
এছাড়া জেলার চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের রাবার ড্যাম, ফতেহজংপুর গ্রামে, কাহারোল উপজেলার জয়নন্দ গ্রামে, ১৩ মাইলে, বোচাগঞ্জ উপজেলার তেতরা গ্রামে, বিরল উপজেলার ভাড়াডাঙ্গী গ্রামে ও বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদে এবং জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদে প্রায় ২০/২২টি গ্রামের তিন শতাধিক মানুষ ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বলে জানা গেছে।
পার্টি সেন্টারে ঈদুল নামাজ আদায়কারী কয়েকজন মুসল্লি জানান, দিনাজপুরে প্রথমে শুধু চিরিরবন্দর উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করা হতো। কিন্তু বর্তমানে সদর উপজেলাসহ আরও কয়েকটি উপজেলার বিভিন্ন গ্রামে আগাম ঈদের নামাজ আদায় করা হয়।
দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন মুসল্লিদের একটি অংশ। প্রথমে মুসল্লির সংখ্যা কম থাকলেও বর্তমানে ২০২৩ সালে এসে তা বেড়ে প্রায় ৩০০ জনে পৌঁছেছে।
চাঁদপুর
বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখার ওপর ভিত্তি করে চাঁদপুরের বিভিন্ন স্থানে আজ ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সকাল সাড়ে ৮টায় হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের ঈদগাহ ময়দানে ঈদের জামাতের ইমামতি করেন পির আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী।
সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা ইছহাক চৌধুরীর অনুসারীরা চাঁদপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে গেছেন। বুধবার জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উপজেলার ৪০টি গ্রামে তার অনুসারীরা ঈদ উদযাপন করছেন।
কিশোরগঞ্জ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার একটি গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। বুধবার সকাল ৮টায় উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া উত্তরপাড়া আবু বক্কর সিদ্দিক (রা.) জামে মসজিদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আব্দুল্লাহ মাসুম।
তিনি জানান, প্রতিবছরের মতো এবারও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে তারা ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। কলাদিয়া গ্রামের লোকজন এই নামাজে অংশগ্রহণ করেন। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও প্রায় অর্ধশতাধিক মুসল্লি এই নামাজে অংশগ্রহণ করেছেন।
টাঙ্গাইল
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ারে ঈদুল-আজহা উদযাপিত হচ্ছে। বুধবার সকালে উপজেলার শশীনাড়া গ্রামের ৫০টি পরিবার ঈদ পালন করেন।
ঈদ জামাতের ইমাম আব্দুর রহমান জানান, সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। তিনি ঈদের নামাজ পড়ান। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। সৌদি আরবের সঙ্গে একইদিনে ঈদ উদযাপন করতে পেরে আনন্দ প্রকাশ করেন মুসল্লিরা।
২০১২ সাল থেকে ওই গ্রামের মানুষ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন।
বাগেরহাট
সৌদিআরবের সঙ্গে মিল রেখে বাগেরহাটের মোংলায় ঈদুল আজহা উদযাপিত হয়েছে। বুধবার সকাল ৮টায় উপজেলার সুন্দরবন ইউনিয়নের ‘চটেরহাট আহলে হাদিস জামে মসজিদে’ ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়।