চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর এই ঘোষণা এসেছে। আজ মঙ্গলবার দুপুরে একটি বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ফারুক-উজ-জামান চৌধুরী বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।
এই বিজ্ঞপ্তিতে চলমান উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজ (মঙ্গলবার) থেকে ১৪ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করার কথা জানানো হয়। আজকেই বিকেল বিকেল ৫টার মধ্যে ছেলেদের আর আগামীকাল বুধবার সকাল ১০টার মধ্যে মেয়েদের হল ছেড়ে যেতে বলা হয়েছে।
গত শনিবার ও রোববার ছাত্রলীগের দুই পক্ষ চুয়েট ক্যাম্পাসে বারবার সংঘর্ষে জড়ায়। এর একটি পক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসানের সমর্থক। অন্য পক্ষ সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী।
বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আজ সকাল থেকেও হেলমেটধারী একটি দল টহল দিচ্ছে। তারা দলে ১৫ থেকে ২০ জনের। তাদের কারণে শিক্ষার্থীরা ক্লাসে যেতে পারছিলেন না বলে অভিযোগ আছে। তারা সকালে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী পরিবহনের বাস চলতে দেয়নি।
গতকাল সোমবার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছিলেন। আর আজ ১১ টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন, রেজিস্ট্রার, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় প্রধান, প্রভোস্ট আর ছাত্রকল্যাণ পরিচালকের সমন্বয়ে এক জরুরি সভা হয়। সেখানে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত আসে।