চলছে গণপরিবহন, খুলছে শপিংমল
টানা ১৯ দিন পর শিথিল হলো বিধিনিষেধ। সড়কে গণপরিবহন চলাচলে এখন আর কোনো বাধা নেই। চলবে লঞ্চ-ট্রেনও। আজ থেকেই চালু হয়েছে সরকারি-বেসরকারি অফিসসহ আর্থিক প্রতিষ্ঠান। খুলবে শপিংমল ও দোকানপাট।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১ জুলাই থেকে শুরু হয় বিধিনিষেধ। তবে ঈদুল আজহা উপলক্ষে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছিল। এরপর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ফের বিধিনিষেধ কার্যকর করা হয়। পরে বিধিনিষেধের মেয়াদ আরো সাতদিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়।
যা যা খুলছে:
১১ আগস্ট থেকে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।
সড়ক, রেল ও নৌপথে আসনসংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন বা যানবাহন চলাচল করতে পারবে। সড়ক পথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (সিটি কর্পোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক) নিজ নিজ অধিক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দফতর বা সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহনসখ্যার অর্ধেক চালু করতে পারবে।
এছাড়া শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। সব শিল্প-কলকারখানা চালু থাকবে। আর খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় অর্ধেক আসন খালি রেখে সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা যাবে। এছাড়া আদালতের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।