চীনে ট্রাম্প, সি ও পুতিনের বৈঠকের বিষয়টি নিশ্চিত করল মস্কো
আগামী সপ্তাহে চীনের শেনজেনে অনুষ্ঠিতব্য এক শীর্ষ সম্মেলনের ফাঁকে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার রাশিয়া এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘১৯ নভেম্বর প্রেসিডেন্ট পুতিন, প্রেসিডেন্ট সি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের বিষয়ে সমঝোতা হয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে চীনের শেনজেনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।’
আগেই ওয়াশিংটনের পক্ষ থেকে এ আলোচনার কথা জানানো হয়েছিল। বৃহস্পতিবারের এই বৈঠক অনুষ্ঠিত হলে তা হবে তিন দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে প্রথম সরাসরি ত্রিপক্ষীয় বৈঠক।
তবে চীন এখনো বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
শুক্রবার হোয়াইট হাউসের এক মুখপাত্র সাংবাদিকদের জানান, চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এপেক সম্মেলনের ফাঁকে তিন নেতা বৈঠকে বসবেন।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, বৈঠকে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়টি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ নিয়েও কথা বলবেন নেতারা। তবে ইউক্রেন যুদ্ধ আলোচনার এজেন্ডায় থাকছে না।