চীনে ফের বাড়ছে করোনা
যে দেশ থেকে করোনাভাইরাসের শুরু সেই চীনে আবার এই মহামারির সংক্রমণ বাড়তে শুরু করেছে। আজ রবিবার দেশটিতে ১৩ হাজার ১৪৬ জন নতুন করোনা রোগি শনাক্ত করা হয়েছে। দুই বছর আগে দেশটিতে লাগা করোনার প্রথম ঢেউয়ের পর এটাই সর্বোচ্চ শনাক্ত।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে একথা বলা হয়েছে।
যাদের শনাক্ত করা হয়েছে তাদের মধ্যে ১ হাজার ৪৫৫ জনের শরীরে করোনার উপসর্গ রয়েছে। কিন্তু বাকি ১১ হাজার ৬৯১ জনের শরীরে করোনার কোনো উপসর্গ না থাকলেও সেটির সংক্রমণ ধরা পড়েছে।
চীনের বাণিজ্যকেন্দ্র সাংহাইয়ে আজ রবিবার শনাক্ত রোগির সংখ্যা ৮ হাজার ২০০। দেশটিতে শনাক্ত মোট রোগির ৭০ শতাংশ এখানে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আড়াই কোটি মানুষের বাস সাংহাইয়ের সবাই শনিবার ঘরেই ছিলেন। করোনা যাতে ছড়াতে না পারে তাই এই ব্যবস্থা।
সাংহাইয়ে চলমান লকডাউন ব্যবসার ওপর প্রভাব ফেলতে শুরু করেছে। জনজীবনের ওপরও এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্নি পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুরুতে গণপরীক্ষার জন্য চারদিনের লকডাউন ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেটা চলছেই। এবং তা্ আগামী সপ্তাহের মধ্যেও শেষ নাও হতে পারে।
প্রসঙ্গত, ২০১৯ সালের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়তে থাকে। পরে যা বিশ্ব মহামারির আকার ধারণ করে। রবিবার পর্যন্ত দুনিয়াজুড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৬১ লাখ ৭৪ হাজার ৩১০ জন। এ ছাড়া এই ভাইরাসে সব মিরে আক্রান্ত হয়েছে ৪৯ কোটি ১০ লাখ ১৭ হাজার ৭২২ জন।