বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বুচায় রুশ হত্যাকাণ্ডের তদন্ত চায় তুরস্ক

মোহাম্মদ খাইরুল আমিন 06 এপ্রিল 2022, 03:41 দুপুর 214 বার পঠিত
বুচায় রুশ হত্যাকাণ্ডের তদন্ত চায় তুরস্ক

ইউক্রেনের বুচা শহর ও অন্য নগরীগুলোতে বেসামরিক নাগরিকদের হত্যার ঘটনায় তুরস্ক বুধবার  নিন্দা জানানোর আন্তর্জাতিক কাতারে যোগ দিয়েছে এবং এ ব্যাপারে একটি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। খবর এএফপি’র।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘এ হত্যাযজ্ঞের বিভিন্ন দৃশ্য আতঙ্কজনক এবং মানবতার জন্য দু:খজনক। বুচা ও কিয়েভের কাছের ইরপিনসহ বিভিন্ন অঞ্চলের সংবাদমাধ্যমে  এসব ছবি প্রকাশ পেয়েছে।’

সপ্তাহান্তে ইউক্রেনের রাজধানীর কাছের বিভিন্ন গণকবর থেকে অনেক মরদেহ উদ্ধারের পর সোমবার ইউক্রেনে তুরস্কের দূতাবাসের দেয়া টুইটার বার্তার পাশাপাশি এটি ছিল আঙ্কারার প্রথম সরকারি প্রতিক্রিয়া।

এদিকে ক্রেমলিন কিয়েভের কাছে বেসামরিক নাগরিকদের হত্যাযজ্ঞের জন্য রুশ বাহিনী দায়ী- এমন অভিযোগ প্রত্যাখান করেছে এবং তারা বলেছে এসব মরদেহের ছবি ‘ভূয়া’।

ইউক্রেনের সেনাবাহিনী মাত্র কয়েকদিন আগে ফের কিয়েভের উপকণ্ঠের গুরুত্বপূর্ণ বুচা শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং তারা জানায়, সেখান থেকে রাশিয়ার বাহিনী চলে যাওয়ার পর অনেক লাশ উদ্ধার করা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হত্যাযজ্ঞকে ‘যুদ্ধাপরাধ’ এবং ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছেন। পশ্চিমা বিশ্ব এ হত্যাযজ্ঞের প্রতিক্রিয়ায় রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ জোরদার করে।