বড়পুকুরিয়ায় খনির কয়লা উত্তোলন বন্ধ
দিনাজপুরের বড়পুকুরিয়া খনির কয়লা উত্তোলন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। খনিটির ৪০ জন শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এই সিদ্দান্ত নেওয়া হয়েছে।
খনির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার জানান, আজ শনিবার সকাল থেকে কয়লা উত্তোলন কার্যক্রম বন্ধ রয়েছে।
সাইফুলের কাছ থেকে জানা যায়, গেল ২৮ জুলাই ২৯২ জন চীনা ও ১৩ জন বাংলাদেশি শ্রমিকের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। পরে ৩৪ জন চীনা ও ছয়জন বাংলাদেশি শ্রমিকের কোভিড-১৯ রির্পোট পজিটিভ আসে। এই কারণে কয়লা উত্তোলন কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া ভূগর্ভেও কিছু সমস্যা আছে। কয়লা উত্তোলন বন্ধ রাখার পেছনে এরও ভূমিকা আছে।
উদ্ভুত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বাংলাদেশি শ্রমিকদের খনির বাইরে রাখা হয়েছে। তারা করোনামুক্ত হলে খনিতে প্রবেশ করতে পারবেন।
আপাতত যারা করোনা মুক্ত তাদের দিয়ে কয়লা উত্তোলন কূপের উন্নয়ন কাজ করানো হচ্ছে।