বৈরুত বিস্ফোরণ নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল লেবানন সরকারকে
অ্যামোনিয়াম নাইট্রেটের সম্ভাব্য বিস্ফোরণ নিয়ে গত জুলাই মাসে লেবাননের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টকে সতর্ক করা হয়েছিল। লেবাননের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, সরকারকে সতর্ক করার দুই সপ্তাহের মধ্যে লেবানের রাজধানী বৈরুতের বন্দরে ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটের বিস্ফোরণ ঘটে।
গত ২০ জুলাই লেবাননের রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক অধিদফতর থেকে প্রেসিডেন্ট মিশেল আউন এবং প্রধানমন্ত্রী হাসান দিয়াবের একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে কী ছিল সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে লেবাননের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন জানুয়ারিতে শুরু হওয়া একটি বিচার বিভাগীয় তদন্তের ফলাফলের সংক্ষিপ্তসার ছিল ওই চিঠিতে। যেখানে অবিলম্বে রাসায়নিকগুলোকে সুরক্ষিত করার তাগিদ দেয়া হয়েছিল।
ওই কর্মকর্তা বলেন, এই রাসায়নিকগুলো চুরি করে সেগুলো দিয়ে যে কেউ সন্ত্রাসী হামলা চালাতে পারতো। এ নিয়ে তদন্তের পর একটি চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে পাঠানো হয়েছিল। বলা হয়েছিল যে যদি এটি বিস্ফোরিত হয় তাহলে এটি বৈরুতকে ধ্বংস করে দেবে।